সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

সাতকানিয়ায় ক্রীড়া সংস্থার নির্বাচনে তফসিল হলেও হলো না ভোট

একুশে প্রতিবেদক | প্রকাশিতঃ ১৯ অগাস্ট ২০২৬ | ১২:২০ পূর্বাহ্ন


তফসিল ঘোষণা, মনোনয়ন গ্রহণ ও প্রতীক বরাদ্দের পর নির্বাচন বাতিল করে সরাসরি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা ক্রীড়া সংস্থার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন করা হয়েছে।

নির্বাচনী প্রক্রিয়া চলমান থাকা অবস্থায় ভোটগ্রহণ ছাড়াই রাজনৈতিক বিবেচনায় এই কমিটি গঠনের ঘটনায় স্থানীয় ক্রীড়াঙ্গনে চরম ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।

মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসান স্বাক্ষরিত এক আদেশে এই নতুন কমিটি গঠন করা হয়।

নতুন কমিটিতে দীর্ঘদিন প্রবাসে থাকা এবং ৫ আগস্টের পর দেশে ফেরা গিয়াসউদ্দিন হিরুকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে।

ক্রীড়া সংশ্লিষ্টদের অভিযোগ, নতুন কমিটিতে দীর্ঘদিনের ক্রীড়া সংগঠকদের প্রত্যাশিত গুরুত্ব না দিয়ে বিএনপি, ছাত্রদল, যুবদল ও জামায়াত সমর্থিত ব্যক্তিদের প্রাধান্য দেওয়া হয়েছে।

জানা যায়, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার গঠনতন্ত্রের ১১.৬ অনুচ্ছেদের আলোকে গত ২ জুলাই সাধারণ সম্পাদক পদে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছিল।

পাঁচ হাজার টাকা জামানত দিয়ে ৯ জন প্রার্থী মনোনয়ন জমা দিলেও পরে তিনজন প্রার্থিতা প্রত্যাহার করে নেন।

গত ২৩ জুলাই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও দক্ষিণ চট্টগ্রামজুড়ে ভয়াবহ বন্যার কারণে তা স্থগিত করা হয়।

বন্যার পর গত ১১ আগস্ট ইউএনও কার্যালয় থেকে এক চিঠিতে সাধারণ সম্পাদক পদের প্রার্থীদের ১৬ আগস্টের মধ্যে উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সদস্য হিসেবে প্রত্যয়নপত্র জমা দিতে বলা হয়।

নির্ধারিত সময়ের মধ্যে প্রত্যয়নপত্র জমা দিতে ব্যর্থ হলে প্রার্থিতা বাতিল হবে বলেও ওই চিঠিতে উল্লেখ করা হয়েছিল।

প্রার্থীরা নির্দেশ অনুযায়ী প্রত্যয়নপত্র জমা দিলেও নতুন তফসিল ঘোষণার বদলে হঠাৎ করেই ১৮ আগস্ট নির্বাচন ছাড়াই নতুন কমিটি গঠনের খবর প্রকাশ পায়।

এ বিষয়ে সাধারণ সম্পাদক পদপ্রার্থী দিদারুল আলম জানান, তাঁরা নিয়ম মেনে মনোনয়ন জমা দেওয়ার পর বন্যার কারণে নির্বাচন স্থগিত হলে নতুন তফসিলের অপেক্ষায় ছিলেন।

কিন্তু নির্বাচনী কার্যক্রম চলমান থাকা অবস্থায় হঠাৎ করে নির্বাচন ছাড়াই কমিটি গঠন করায় তাঁরা বিস্মিত ও হতাশ বলে মন্তব্য করেন দিদারুল আলম।

তিনি আরও জানান, ক্রীড়া সংস্থার নেতৃত্ব রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে নয়, বরং ক্রীড়াঙ্গনে সাংগঠনিক দক্ষতা ও অভিজ্ঞতার ভিত্তিতে হওয়া উচিত।

স্থানীয় সংগঠকদের মতে, সাতকানিয়ায় অনেক যোগ্য ও অভিজ্ঞ ক্রীড়া সংগঠক থাকা সত্ত্বেও তাঁদের বাদ দিয়ে দলীয় পরিচয়ে নেতৃত্ব নির্ধারণ করলে ক্রীড়াঙ্গনের স্বাভাবিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হবে।

নতুন কমিটি গঠনের ক্ষেত্রে কোন গঠনতান্ত্রিক নীতিমালা অনুসরণ করা হয়েছে, সে বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মাহমুদুল হাসান কোনো মন্তব্য করতে রাজি হননি।