সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

একুশে পত্রিকায় সংবাদ: পটিয়ায় পানিবন্দি দুইশ পরিবারের দুর্ভোগ লাঘব

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ১৯ অগাস্ট ২০২৬ | ৭:৩৯ অপরাহ্ন


একুশে পত্রিকাসহ কয়েকটি গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর চট্টগ্রামের পটিয়ায় পানি চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী একটি ওয়াল ভেঙে অপসারণ করেছে উপজেলা প্রশাসন।

এর ফলে দীর্ঘদিন ধরে পানিবন্দি থাকা প্রায় ২০০ পরিবারের দুর্ভোগের অবসান হয়েছে।

বুধবার সকাল দশটার দিকে পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানুর রহমানের নির্দেশনায় প্রশাসনের পক্ষ থেকে এই অভিযান পরিচালনা করা হয়।

স্থানীয়রা জানান, পটিয়া উপজেলার হাইদগাঁও ইউনিয়ন ও পটিয়া পৌরসভার শেষ অংশের মঙ্গলের টেক এলাকায় পানি চলাচলের পথে ওয়াল নির্মাণ করা হয়েছিল।

ওয়াল নির্মাণের কারণে দীর্ঘদিন ধরে পানি নিষ্কাশন বন্ধ থাকায় হাইদগাঁও ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের প্রায় ২০০ পরিবার পানিবন্দি হয়ে পড়ে।

পানি নিষ্কাশন বন্ধ থাকার কারণে এলাকার চাষাবাদের জমি ও পুকুরও পানিতে তলিয়ে গিয়েছিল।

বিষয়টি নিয়ে একুশে পত্রিকাসহ কয়েকটি গণমাধ্যমে সচিত্র প্রতিবেদন প্রকাশিত হলে তা পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানুর রহমানের নজরে আসে।

তাঁর নির্দেশে পটিয়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী শ্যামল চন্দ্র ঘটনাস্থল পরিদর্শন করে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী ওয়ালটির বিষয়ে সত্যতা পান।

এরপর বুধবার সকালে প্রশাসনের পক্ষ থেকে ওই ওয়াল ভেঙে ফেলা হয়।

স্থানীয় বাসিন্দা ও কাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি কাজী আরিফ উল্লাহ প্রশাসনের এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন।

তিনি উল্লেখ করেন, পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানুর রহমানের নির্দেশে ওয়ালটি ভেঙে ফেলায় পানিবন্দি ২০০ পরিবার দুর্ভোগ থেকে মুক্ত হয়েছে।

হাইদগাঁও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হেলাল উদ্দীন জানান, স্থানীয়দের মৌখিক অভিযোগ এবং গণমাধ্যমে প্রকাশিত সচিত্র প্রতিবেদন প্রশাসনের নজরে আসার পর এই ব্যবস্থা নেওয়া হয়েছে।