
কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেনকে সরিয়ে সেনাবাহিনীতে ফেরত পাঠানো হয়েছে।
এজন্য তাঁর চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা ওই প্রজ্ঞাপনে এই বদলির তথ্য জানানো হয়।
তবে নতুন করে কারা মহাপরিদর্শকের গুরুত্বপূর্ণ এই পদে এখনও কাউকে দায়িত্ব দেওয়া হয়নি।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে যে, সেনাবাহিনীর এই কর্মকর্তাকে বর্তমান প্রেষণ পদ থেকে প্রত্যাবর্তনপূর্বক তাঁর চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।
গত ৫ অগাস্টের রাজনৈতিক পালাবদলের পর তৎকালীন অন্তর্বর্তী সরকার ১১ অগাস্ট ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেনকে প্রেষণে কারা মহাপরিদর্শক হিসেবে নিয়োগ দিয়েছিল।
অন্যদিকে কারা অধিদপ্তরের মিডিয়া সেল থেকে জানানো হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের আদেশে কারা মহাপরিদর্শককে সেনাবাহিনীতে প্রত্যাবাসন করা হয়েছে।
এটি একটি নিয়মিত বদলি প্রক্রিয়া বলে উল্লেখ করে বিষয়টি নিয়ে কোনো বিভ্রান্তির অবকাশ নেই বলে মিডিয়া সেল স্পষ্ট করেছে।