সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

সুবিধাবঞ্চিত শিশুদের সুরক্ষায় ফরহাদাবাদ পুনর্বাসন কেন্দ্রের উদ্যোগ

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ২০ অগাস্ট ২০২৬ | ৭:৩৭ অপরাহ্ন


বর্তমান সরকার শিশুদের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন চট্টগ্রাম জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ওমর ফারুক।

বৃহস্পতিবার চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নে অবস্থিত সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

এদিন কেন্দ্রটির ১১ জন উত্তীর্ণ এসএসসি পরীক্ষার্থীর জন্য মতবিনিময় সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও সংবর্ধনার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার মুজাহিদুল ইসলাম এবং বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোহাম্মদ আইয়ুব।

চট্টগ্রাম সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রের উপপ্রকল্প পরিচালক জেসমিন আকতার এই আয়োজনে সভাপতিত্ব করেন।

আউটরিচ ওয়ার্কার বিপুল চন্দ্র পালের উপস্থাপনায় অনুষ্ঠিত আয়োজনের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন নিবাসী শিশু মো. নাঈম।

“শিশু আর থাকবে নাকো সহিংসতার ঝুঁকিতে, সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র আছে তাদের সাথে”- এই স্লোগানকে সামনে রেখে অনুষ্ঠানটির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে একসময়কার সুবিধাবঞ্চিত ওই ১১ জন এসএসসি পরীক্ষার্থীকে ফুল দিয়ে বরণ করে নেন প্রধান অতিথি।

পরীক্ষার্থীদের অসামান্য ফলাফলে প্রধান অতিথিসহ উপস্থিত সবাই ভূয়সী প্রশংসা করেন।

মোহাম্মদ ওমর ফারুক তাঁর বক্তব্যে আরও জানান, বর্তমান সরকার ‘সবার আগে বাংলাদেশ’ প্রত্যয়ের আলোকে শিশুদের কল্যাণে কাজ করছে এবং এই আয়োজনের মাধ্যমে তারই ধারাবাহিকতার বহিঃপ্রকাশ ঘটেছে।

অনুষ্ঠানের শেষভাগে শিশুতোষ মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা উপস্থিত সবাইকে আবেগাপ্লুত করে তোলে।

একই দিনে ওই কেন্দ্রে কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতা উন্নয়ন শীর্ষক এক ইন-হাউস প্রশিক্ষণেরও আয়োজন করা হয়।

প্রশিক্ষণে ‘শিশুর বিকল্প পরিচর্যা’ বিষয়ে সেশন পরিচালনা করেন উপপরিচালক মোহাম্মদ ওমর ফারুক।

উপপ্রকল্প পরিচালক জেসমিন আকতার জানান, কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে শিশুদের সর্বোত্তম সেবা প্রদান করে শিশু সুরক্ষা নিশ্চিত করাই তাঁদের লক্ষ্য।