সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

চকরিয়ায় বসতঘরের খাটের নিচ থেকে অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ১

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি | প্রকাশিতঃ ২২ অগাস্ট ২০২৬ | ৯:৩৩ অপরাহ্ন


কক্সবাজারের চকরিয়ায় গ্রেপ্তার হওয়া এক পলাতক আসামির স্বীকারোক্তি অনুযায়ী তাঁর বসতঘরের খাটের নিচ থেকে একটি দেশীয় অস্ত্র এবং কার্তুজ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার রাতে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ছাইরাখালী এলাকায় অভিযান চালিয়ে ওই আসামিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া ২২ বছর বয়সী ওই যুবকের নাম সাইফুল ইসলাম প্রকাশ বাবুইয়্যা।

শনিবার বিকেলে চকরিয়া থানা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

পুলিশ জানায়, কক্সবাজারের চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপারের সার্বিক তত্ত্বাবধানে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

চকরিয়া থানার ওসি মো. আরিফুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল এই অভিযানে অংশ নেয়।

অভিযানে একটি মামলার এজাহারনামীয় পলাতক আসামি সাইফুল ইসলাম প্রকাশ বাবুইয়্যাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

পরবর্তীতে তাঁর দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী চিরিংগা ইউনিয়নের পালাকাটা এলাকায় তাঁর নিজ বসতঘরে অভিযান চালানো হয়।

এ সময় ওই বসতঘরের খাটের নিচে লুকানো অবস্থায় দেশীয় তৈরি একটি একনলা এলজি বা বন্দুক এবং দুই রাউন্ড পুরোনো কার্তুজ উদ্ধার করা হয়।

চকরিয়া থানার ওসি মো. আরিফুর রহমান জানান, অস্ত্র উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে।

শনিবার দুপুরে তাঁকে চকরিয়া উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কাছে সোপর্দ করা হয়।

পরে আদালত তাঁর জামিন নামঞ্জুর করে তাঁকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

থানা এলাকায় সক্রিয় বিভিন্ন অপরাধচক্র, পরোয়ানাভুক্ত আসামি এবং অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।