
ঢাকায় মাদকের মামলা এবং ইয়াবা বিক্রির দায়ে গ্রেপ্তারের পুরনো রেকর্ড থাকার পরও অপরাধ জগৎ থেকে সরে আসেননি চট্টগ্রামের লোহাগাড়ার যুবক মাসুদ রানা।
সবশেষ মাদক সেবনের অভিযোগে পুলিশের হাতে আটক হওয়ার পর তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
দণ্ডপ্রাপ্ত ৩৪ বছর বয়সী মাসুদ রানা লোহাগাড়া উপজেলার আধুনগর ঘাটিয়ার পাড়া এলাকার মাহমুদুল হক ড্রাইভারের ছেলে।
মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে লোহাগাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মং এছেন এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
এর আগে সোমবার রাতে লোহাগাড়ার আধুনগর বাজার থেকে মাসুদ রানাকে গ্রেপ্তার করে পুলিশ।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মং এছেন জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় মাসুদ রানাকে এই ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রশান্ত কুমার ভৌমিক জানান, ভ্রাম্যমাণ আদালতে সাজা ঘোষণার পর আসামিকে আদালতের সাজামূলে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, এর আগেও মাদকসংক্রান্ত নানা ঘটনায় মাসুদ রানার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছিল।
২০২৩ সালে আধুনগর রেললাইনে ইয়াবা ট্যাবলেট বিক্রির সময় তাকে হাতেনাতে গ্রেপ্তার করেছিল পুলিশ।
এ ছাড়া রাজধানীর ধানমন্ডি থানায় তার বিরুদ্ধে মাদকসংক্রান্ত একটি মামলা রয়েছে বলেও পুলিশ নিশ্চিত করেছে।