
পাহাড়ি মাটির গুণগত মান কাজে লাগিয়ে ভিয়েতনাম, কম্বোডিয়া ও নেপালের মতো জুম চাষের মাধ্যমে পার্বত্য চট্টগ্রামে কৃষি বিপ্লব ঘটানোর তাগিদ দিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী সাচিং প্রু এমপি।
ঢাকার বেইলি রোডে পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্স ভবনের সভাকক্ষে মন্ত্রণালয়ের ২০২৬ সালের জুলাই মাসের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) পর্যালোচনা সভায় তিনি এই আহ্বান জানান।
সভায় মন্ত্রী সাচিং প্রু বলেন, পাহাড়ি মাটি কিছু বিশেষ প্ল্যান্টেশনের জন্য অত্যন্ত উপযোগী। তাই কাজু বাদাম ও কফি চাষের উচ্চ ফলনশীল প্রযুক্তি ব্যবহার করে দেশের অর্থনীতিকে আরও এগিয়ে নিতে হবে।
ভূমির গুণগত মান নির্ণয়ে পার্বত্য অঞ্চলে ‘মৃত্তিকা ট্রেড সেন্টার’ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করে তিনি পরিবেশ ঠিক রেখে উন্নতমানের মাশরুম ও লটকন চাষের পরামর্শ দেন। পাশাপাশি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে গাড়ল বা ভেড়া পালনের নির্দেশ দেন মন্ত্রী।
সভায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি নির্ধারিত সময়ের মধ্যে পাহাড়ে ভূমি অধিগ্রহণের কাজ শেষ করার নির্দেশ দেন।
অধিগ্রহণকালে প্রকৃত ক্ষতিগ্রস্ত পরিবারকে সরকারি খাসজমিতে পুনর্বাসনের কথা উল্লেখ করে তিনি বলেন, জমির মালিকানা সংক্রান্ত সমস্যাগুলো জেলা পরিষদের চেয়ারম্যানদের সঙ্গে আলোচনার মাধ্যমে প্রথাগত বিধি অনুযায়ী সমাধান করতে হবে।
সমাজ ও পরিবেশের জন্য ক্ষতিকর হওয়ায় তামাক চাষ পরিহারের আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী কৃষকদের ইক্ষু, তুলা, কাজু বাদাম ও কফি চাষে উৎসাহিত করার পরামর্শ দেন।
এ ছাড়া দুর্গম এলাকায় পানির সংকট দূর করা, রাম্বুটান চাষ সম্প্রসারণ, কোল্ড স্টোরেজ স্থাপন এবং পাড়াকেন্দ্রের মেয়েদের জন্য সেন্ট্রাল স্যাটেলাইটের মাধ্যমে মাল্টিমিডিয়া ক্লাসরুম চালুর উদ্যোগ নেওয়ার কথা জানান ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।
সভায় মন্ত্রী ও প্রতিমন্ত্রীর কাছ থেকে শ্রেষ্ঠ উদ্ভাবনী পুরস্কার গ্রহণ করেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) অনুপ কুমার চাকমা ও ভাইস চেয়ারম্যান (যুগ্মসচিব) শেখ ছালেহ্ আহাম্মদ।
এতে প্রথমবারের মতো যোগ দিয়ে নিজেদের অভিমত ব্যক্ত করেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মা ম্যা চিং, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ম্রা সা থোয়াই মারমা এবং রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মনিরুল ইসলাম ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কে এস মং উপস্থিত ছিলেন।
সভায় পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ কমপ্লেক্স নির্মাণ, ক্লাইমেট রেসিলিয়েন্ট লাইভলিহুড ইমপ্রুভমেন্ট অ্যান্ড ওয়াটারশেড ম্যানেজমেন্ট (সিআরএলআইডব্লিউএম-সিএইচটি) প্রকল্প, তুলা চাষ বৃদ্ধি ও দারিদ্র্য বিমোচন প্রকল্পসহ বিভিন্ন যোগাযোগ ও সড়ক নির্মাণ প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।