সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

চট্টগ্রাম যুবদলে ‘পুরোনোতেই’ আস্থা, কমিটি পুনর্বহাল

একুশে প্রতিবেদক | প্রকাশিতঃ ২৫ অগাস্ট ২০২৬ | ৯:৫৮ অপরাহ্ন


মেয়াদোত্তীর্ণের কারণে বিলুপ্ত ঘোষণার প্রায় দুই বছর পর চট্টগ্রাম মহানগর এবং এর অধীন সব থানা ও ওয়ার্ড যুবদলের পুরোনো কমিটি পুনরায় বহাল করা হয়েছে।

এর ফলে মহানগর, থানা ও ওয়ার্ড পর্যায়ের এসব কমিটি আবারও সাংগঠনিক কার্যক্রম পরিচালনার সুযোগ পেল।

মঙ্গলবার কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূইয়ার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপির নির্দেশে এসব বিলুপ্ত কমিটি পুনর্বহাল করা হয়েছে।

ইতোমধ্যে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এর আগে ২০২৪ সালের ২১ সেপ্টেম্বর মেয়াদোত্তীর্ণ হওয়ার কারণ দেখিয়ে মহানগর কমিটির পাশাপাশি আওতাধীন থানা ও ওয়ার্ড কমিটিগুলো বিলুপ্ত ঘোষণা করেছিল কেন্দ্র।

দলীয় সূত্রে জানা যায়, ২০১৮ সালের ১ জুন মোশাররফ হোসেনকে সভাপতি ও মোহাম্মদ শাহেদকে সাধারণ সম্পাদক করে চট্টগ্রাম মহানগর যুবদলের পাঁচ সদস্যের কমিটি ঘোষণা করা হয়।

পরে একই বছরের ৪ অক্টোবর কমিটির আকার বাড়িয়ে ২৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছিল।

কমিটি পুনর্বহালের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহেদ।

তিনি দলের চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান এবং কেন্দ্রীয় যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদককে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

মোহাম্মদ শাহেদ জানান, কমিটি পুনর্বহালের মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে যে মহানগর, থানা ও ওয়ার্ড কমিটির নেতাকর্মীরা দলের প্রতি নিবেদিতপ্রাণ ও পরীক্ষিত।

অতীতের মতো ভবিষ্যতেও দলের যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় তারা অগ্রণী ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করেন তিনি।