সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

মাদকের টাকা জোগাড় করতে মিরসরাইয়ে বাড়ছে চুরি ও ডাকাতি

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ২৭ অগাস্ট ২০২৬ | ৯:৩৭ পূর্বাহ্ন


মাদকের টাকা জোগাড় করতে চট্টগ্রামের মিরসরাইয়ে বিভিন্ন বাড়িঘর এবং ব্যবসা প্রতিষ্ঠানে চুরি ও ডাকাতির মতো অপরাধমূলক কর্মকাণ্ড আশঙ্কাজনক হারে বাড়ছে।

রাজনৈতিক ছত্রচ্ছায়ায় থাকা মাদকাসক্ত ব্যক্তিরা অপরাধে জড়িয়ে পড়ায় চরম আতঙ্কে দিন পার করছেন স্থানীয়রা।

এতে ক্ষমতাসীন দলের ভাবমূর্তিও ক্ষুণ্ন হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

খোঁজ নিয়ে জানা যায়, মিরসরাই উপজেলার ১৬টি ইউনিয়ন এবং দুটি পৌরসভার বিভিন্ন এলাকায় মাদকের ভয়াবহ বিস্তার ঘটেছে।

এতে তরুণ ও উঠতি বয়সীরা ব্যাপকভাবে আসক্ত হয়ে পড়ছে।

সম্প্রতি উপজেলার মিঠানালা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে মাদকের করাল গ্রাসে আসক্ত হয়ে পড়েছে যুবসমাজ।

গত কয়েক দিনের মধ্যে ওই এলাকায় কয়েকটি বাড়িতে চুরির ঘটনা ঘটেছে এবং একটি বাড়িতে বারবার চুরির চেষ্টা চালানো হয়েছে।

ঘরের পানির মোটর থেকে শুরু করে বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্র চুরি করে নিয়ে যাচ্ছে মাদকাসক্তরা।

স্থানীয়দের দাবি, অপরাধীদের দ্রুত আইনের আওতায় না আনলে ভবিষ্যতে এই উপজেলায় অপরাধের মাত্রা আরও বহুগুণ বেড়ে যাবে।

এ বিষয়ে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন জানান, মাদকবিরোধী অভিযান ও সচেতনতামূলক কর্মসূচি অব্যাহত রয়েছে।

যারা মাদকের সঙ্গে জড়িত, পুলিশকে তাদের তালিকা দিলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আশ্বস্ত করেন ওসি ফরিদা ইয়াসমিন।