সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

পটিয়ায় মাদকবিরোধী সচেতনতামূলক সভা রূপ নিল বিক্ষোভ মিছিলে

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ২৮ অগাস্ট ২০২৬ | ৯:৫৯ অপরাহ্ন


যুব ও তরুণ সমাজকে মাদকের ভয়াল ছোবল থেকে রক্ষা করতে চট্টগ্রামের পটিয়ায় স্থানীয়দের আয়োজিত একটি সচেতনতামূলক সভা থেকে স্বতঃস্ফূর্ত বিক্ষোভ মিছিল বের করা হয়েছে।

শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে উপজেলার ধলঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের তেকোটা পূর্বপাড়া জামে মসজিদ মাঠে এলাকাবাসীর উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়।

সভা শেষ হওয়ার পর মসজিদ মাঠ থেকে এলাকাবাসী মাদকের বিরুদ্ধে একটি বিক্ষোভ মিছিল বের করে পুরো গ্রাম প্রদক্ষিণ করেন।

মিছিলটি এলাকার বিভিন্ন সড়ক ঘুরে মুকুটনাইট রাস্তার মাথায় গিয়ে শেষ হয়। এরপর মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে স্থানীয়রা এক ব্যক্তিকে সতর্ক করে দেন।

সচেতনতামূলক এই সভায় বক্তারা জানান, সাম্প্রতিক সময়ে তেকোটা এলাকায় মাদকের ভয়াবহতা বৃদ্ধি পেয়েছে এবং কয়েকজনকে আটকের ঘটনায় এলাকার সুনাম ক্ষুণ্ন হচ্ছে।

তারা আরও জানান, ভবিষ্যতে যাতে কেউ মাদকের সঙ্গে সম্পৃক্ত হতে না পারে, সে জন্য স্থানীয় বাসিন্দাদের আরও সচেতন হয়ে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।

মাদকবিরোধী এই জনসচেতনতামূলক সভায় বক্তব্য দেন ধলঘাট ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি মো. ইমতিয়াজ, সাবেক সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন, ব্যবসায়ী মো. নাসির এবং আহম্মদ নুর।

এছাড়া পটিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রবিউল হোসেন, ধলঘাট কৃষক দলের সভাপতি নুর হোসেন এবং ব্যাংকার ফজলুল করিম সভায় বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ছাত্রদল নেতা সাকিব, যুবদল নেতা রেজাউল করিম বাপ্পী, বিএনপি নেতা ছোটন, নাজিম উদ্দিন বাহার, সজিব এবং সাকিব।