
মিশরের বিশ্ববিখ্যাত আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষে সত্যিকার ধর্মের অমীয় বাণী ছড়িয়ে দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
রোববার (৩০ আগস্ট) রাতে চট্টগ্রামের মিজানুস সালাম ইনস্টিটিউটের হলে ২০২৬-২০২৭ সেশনে আল আজহারে পড়তে যাওয়া ২৫ জন শিক্ষার্থীকে দেওয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে এই আহ্বান জানানো হয়।
‘সোসাইটি অব আল আজহার গ্র্যাজুয়েটস বাংলাদেশ শাখা’ এই সংবর্ধনার আয়োজন করে এবং এতে সার্বিক সহযোগিতা করেছে পিএইচপি ফ্যামিলি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিএইচপি ফ্যামিলি, সোসাইটি অব আল আজহার গ্র্যাজুয়েটস বাংলাদেশ, সুফি মিজান ফাউন্ডেশন এবং মিজানুস সালাম ইনস্টিটিউটের চেয়ারম্যান একুশে পদকপ্রাপ্ত সুফি মোহাম্মদ মিজানুর রহমান।
সভাপতির বক্তব্যে সুফি মোহাম্মদ মিজানুর রহমান জানান, আল আজহার হাজার বছরের পুরোনো একটি বিশ্ববিদ্যালয়, যেখানে সত্যিকার অর্থেই মানবতার শিক্ষা দেওয়া হয়।
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি জানান, সেখানে পড়াশোনা করে সত্যিকার ধর্মের অমীয় বাণী ছড়িয়ে দেওয়াই যেন জীবনের ব্রত হয়। শিক্ষার্থীরা যেন দ্বীনের সঠিক জ্ঞান ও আকীদা অর্জন করে মিল্লাতের খেদমত করতে পারে, সে বিষয়ে তিনি জোর দেন।
অনুষ্ঠানে জানানো হয়, সুফি মোহাম্মদ মিজানুর রহমানের তত্ত্বাবধানে ২০১৯ সাল থেকে প্রতি বছর অস্বচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের স্কলারশিপ দেওয়া হচ্ছে।
এরই ধারাবাহিকতায় এবার ২৫ জন শিক্ষার্থী আল আজহারের জন্য মনোনীত হয়ে বাংলাদেশস্থ মিশর দূতাবাস থেকে ভিসা পেয়েছেন।
মিজানুস সালাম ইন্টারন্যাশনাল এডুকেশন অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক ড. মাওলানা মোহাম্মদ সাইফুল ইসলাম আযহারির সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সোসাইটির সেক্রেটারি মাওলানা সৈয়দ মোহাম্মদ জালাল উদ্দীন আল আযহারী।
পবিত্র কোরআন তিলাওয়াত করেন হাফেজ মোহাম্মদ সাজ্জাদুল ইসলাম এবং নাতে রাসূল পরিবেশন করেন মুহাম্মাদ বদিউজ্জামান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আল্লামা মুফতি সৈয়দ মোহাম্মদ অছিঅর রহমান, সুবহানিয়া আলিয়া কামিল মাদ্রাসার সাবেক মুহাদ্দিস আল্লামা কাজী মোহাম্মদ মঈনুদ্দিন আশরাফী এবং সাবেক উপাচার্য অধ্যাপক মুহিতুল আলম।
এছাড়া জমিয়তুল ফালাহ মসজিদের খতিব আবু তালেব মোহাম্মদ আলাউদ্দিন, সিরাজুল মোস্তফা, পিএইচপি ফ্যামিলির পরিচালক মোহাম্মদ আলী হোসেন সোহাগ, মোহাম্মদ আমির হোসেন সোহেল, জহিরুল ইসলাম রিংকু, মোহাম্মদ আকতার পারভেজ ও নোভেদ মিজান ইকবাল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা ড. মোহাম্মদ কামালুদ্দিন আল আযহারী, মাওলানা আবু আহমাদ আল আযহারী, মাওলানা মোহাম্মদ হোসাইন আল আযহারী, ড. মোহাম্মদ ফখরুল ইসলাম আল-কাদেরি এবং মাওলানা মোহাম্মদ আব্দুল খালেক আল আযহারী।
সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়ার পাশাপাশি বিশেষ উপহার প্রদান করা হয়। সবশেষে মিলাদ, কিয়াম ও দোয়া-মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।