সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

সড়কে গাছের গুঁড়ির ফাঁদ, সাতকানিয়ায় যুবককে কুপিয়ে হত্যা

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ৩১ অগাস্ট ২০২৬ | ৪:৩৩ অপরাহ্ন


চট্টগ্রামের সাতকানিয়ায় গ্রামীণ সড়কে গাছের গুঁড়ি ফেলে মোটরসাইকেলের গতিরোধ করে জাহেদুল ইসলাম নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

পূর্বশত্রুতা এবং সম্প্রতি একটি গাছ চুরির ঘটনাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

রোববার রাত ১০টার দিকে উপজেলার পুরানগড় ইউনিয়নের দক্ষিণ পুরানগড় গ্রামের ফরিদ সওদাগরের দোকানের সামনে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত ৩৫ বছর বয়সী জাহেদুল ইসলাম এলাকায় ‘পিচ্চি জাহেদ’ নামে পরিচিত ছিলেন। তিনি একই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কালীনগর গ্রামের নুরুল ইসলাম প্রকাশ সর্বহারা নুরুর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাতে জাহেদুল মোটরসাইকেল চালিয়ে বাড়ির দিকে যাচ্ছিলেন। এ সময় তাঁর পেছনে বসেছিলেন বন্ধু ওয়াহিদ।

পথে ফরিদ সওদাগরের দোকান এলাকায় পৌঁছালে ছয়-সাতজন দুর্বৃত্ত সড়কের ওপর গাছের গুঁড়ি ফেলে তাদের গতিরোধ করে। এ সময় দুর্বৃত্তরা জাহেদুলকে সড়কে ফেলে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা জাহেদুলকে উদ্ধার করে সাতকানিয়ার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। হামলায় আহত তাঁর বন্ধু ওয়াহিদ বর্তমানে আশঙ্কামুক্ত বলে পুলিশ জানিয়েছে।

স্থানীয়দের দাবি, নিহত জাহেদুল দীর্ঘদিন ধরে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। চলতি বছরের শুরুতে সাতকানিয়ার পুরানগড় এলাকায় যৌথ বাহিনীর অভিযানে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ তিনি গ্রেপ্তার হয়েছিলেন।

জানা যায়, গত ২৫ আগস্ট রাতে পুরানগড় ইউনিয়ন পরিষদের পুরাতন কার্যালয়ের সামনে থেকে দুটি আকাশমণি গাছ চুরি হয়।

পরে গাছগুলো বাজালিয়া ইউনিয়নের শেরে বাংলা উচ্চ বিদ্যালয়ের পেছনের একটি পুকুর থেকে উদ্ধার করে বন বিভাগ ও ইউপি সংশ্লিষ্টদের উপস্থিতিতে নিলামের মাধ্যমে ২৫ হাজার ৫০০ টাকায় বিক্রি করা হয়।

গাছ কাটার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে উত্তর সাতকানিয়া সাংগঠনিক উপজেলা ছাত্রদল নেতা জয়নাল আবেদীন মানিক এর সঙ্গে জাহেদুলের সম্পৃক্ততার অভিযোগ তোলেন।

পুরানগড় ইউনিয়ন বিএনপির সংগঠক জসিম উদ্দিন জানান, এই ঘটনার জেরে জাহেদুল হঠাৎ করে নতুনহাটে এসে অহেতুক জয়নাল আবেদীন মানিককে মারধর করে সটকে পড়েন।

জসিম উদ্দিন আরও জানান, তিনি ওই সময় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর প্রস্তুতি সভা এবং একটি বিদ্যালয়ের কম্পিউটার ল্যাব চুরির বিষয়ে এমপি, রাজনৈতিক নেতা ও ওসির সঙ্গে ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন। বাড়িতে যাওয়ার পর তিনি জাহেদুলের হত্যাকাণ্ডের খবর পান।

সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আরিফুল ইসলাম সিদ্দিকী সাংবাদিকদের জানান, ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ ও সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং ব্যবহৃত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, জড়িত কয়েকজনের নাম পাওয়া গেছে এবং তাদের বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।