
চট্টগ্রামের পটিয়ায় ভূমি অফিসের একটি পুরোনো মামলার বিরোধের জেরে বসতবাড়ির সামনে গিয়ে ছবি ও ভিডিও ধারণ করে ভয়ভীতি দেখানোর অভিযোগে দুজনকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলেন পটিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের ওখারা এলাকার রোকন উদ্দিন প্রকাশ লিটন (৩৬) ও মিন্টু আলম (৩৭)।
সোমবার (৩১ আগস্ট) দুপুর আনুমানিক ১টা ২০ মিনিটের দিকে পটিয়া উপজেলার ১৬ নম্বর কচুয়াই ইউনিয়নের আজিমপুর এলাকার শেখপাড়ায় এই ঘটনা ঘটে।
এই ঘটনায় পটিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী শহিদুল আলম প্রকাশ ফরহাদ।
শহিদুল আলম প্রকাশ ফরহাদ জানান, রোকন উদ্দিন প্রকাশ লিটন নিজেকে সরকারি কর্মকর্তা পরিচয় দিয়ে প্রতারণা করতেন। এই অভিযোগে ২০২৬ সালের ১৬ মার্চ পটিয়া ভূমি অফিসে অভিযান চালিয়ে দালালির অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়।
ওই মামলায় রোকন উদ্দিন প্রকাশ লিটন অহেতুক শহিদুল আলম প্রকাশ ফরহাদকে সন্দেহ করতেন এবং এর জেরে তিনি বিভিন্ন সময় তাঁকে ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছিলেন।
এরই ধারাবাহিকতায় সোমবার দুপুরে রোকন উদ্দিন প্রকাশ লিটন ও মিন্টু আলম ভুক্তভোগীর বসতবাড়ির সামনে গিয়ে মোবাইল ফোনে ছবি ও ভিডিও ধারণ করতে থাকেন।
এ সময় বাড়িতে থাকা নারী ও পরিবারের সদস্যরা কারণ জানতে চাইলে তাঁরা টালবাহানা করেন।
খবর পেয়ে শহিদুল আলম প্রকাশ ফরহাদ বাড়িতে গিয়ে তাদের কর্মকাণ্ডের কারণ জানতে চান। তখন অভিযুক্তরা তাঁকে বিষয়টি নিয়ে বাড়াবাড়ি না করার হুমকি দেন।
পরে শহিদুল আলম প্রকাশ ফরহাদ বিষয়টি পটিয়া থানা পুলিশকে জানান। পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে রোকন উদ্দিন প্রকাশ লিটন ও মিন্টু আলমকে আটক করে থানায় নিয়ে যায়।
সার্বিক বিষয়ে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জানান, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে ওই দুজনকে থানায় নিয়ে আসা হয়েছে।
বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান ওসি জিয়াউল হক।