
উচ্চ আদালত থেকে জামিনে থাকার দাবির পরও কক্সবাজারের চকরিয়া পৌরসভার সাবেক মেয়র আলমগীর চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে আদালতে নেওয়ার আগে অসুস্থ হয়ে পড়ায় বর্তমানে তিনি পুলিশ পাহারায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
রোববার (৩০ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে চকরিয়া মহিলা কলেজের পাশে সায়মা প্লাজা মার্কেটের একটি অফিস থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
আলমগীর চৌধুরী চকরিয়া পৌরসভার দুবারের নির্বাচিত সাবেক মেয়র এবং উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক।
তাঁর ছোট ভাই বিটু জানান, গত ৫ আগস্টের পর তিনটি মামলায় তাঁকে আসামি করা হলেও উচ্চ আদালত থেকে তিনি জামিনে ছিলেন। এরপরও পুলিশ তাঁকে গ্রেপ্তার করেছে।
এ বিষয়ে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান জানান, উচ্চ আদালত থেকে জামিন পেলেও নিম্ন আদালতে কাগজপত্র উপস্থাপন করে স্থায়ী জামিন নেওয়ার বিষয়টি আলমগীর চৌধুরী নিশ্চিত করতে পারেননি।
ওসি আরও জানান, চকরিয়া পৌরসভার নিজপানখালী এলাকার এক বাসিন্দার দায়ের করা বিশেষ ক্ষমতা আইনের একটি মামলাতেও আলমগীর চৌধুরী অভিযুক্তের তালিকায় রয়েছেন।
তবে ওই মামলার বাদী আদালতে উপস্থিত হয়ে আপসনামা জমা দিয়েছেন বলে আলমগীর চৌধুরীর পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
আলমগীর চৌধুরীর পক্ষের আইনজীবী এবং চকরিয়া অ্যাডভোকেট অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি অ্যাডভোকেট লুৎফুল কবির জানান, সোমবার (৩১ আগস্ট) সকালে পুলিশ তাঁকে দুটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে ফরোয়ার্ডিং পাঠিয়েছে।
এই দুটি মামলা হলো কাকারা ইউনিয়নের মিজান হত্যা মামলা এবং অপরটি বিশেষ ক্ষমতা আইনের মামলা।
অ্যাডভোকেট লুৎফুল কবির দাবি করেন, আলমগীর চৌধুরী এই দুটি মামলার এজাহারভুক্ত আসামি নন; তাঁকে পরিকল্পিতভাবে গ্রেপ্তার দেখানো হয়েছে। পুলিশ অসুস্থতার কারণে তাঁকে আদালতে না পাঠানোয় জামিন শুনানি হয়নি।
ওসি মো. আরিফুর রহমান জানান, সোমবার দুপুরে আদালতে পাঠানোর ঠিক আগে আলমগীর চৌধুরী শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে তাঁকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাঁকে প্রাথমিক চিকিৎসা দেন। কিন্তু শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে পুলিশ পাহারায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
বিষয়টি বিস্তারিতভাবে চকরিয়া উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতকে থানা পুলিশের পক্ষ থেকে অবহিত করা হয়েছে বলেও জানান ওসি।
উল্লেখ্য, আলমগীর চৌধুরী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে ২০১৬ সালের ২০ মার্চ এবং ২০২১ সালের ২০ সেপ্টেম্বর টানা দুবার চকরিয়া পৌরসভার মেয়র নির্বাচিত হন।