
কক্সবাজার ভ্রমণ শেষে মোটরসাইকেলে করে চাঁদপুরে নিজেদের বাড়ি ফেরার পথে চট্টগ্রামের লোহাগাড়ায় মিনিট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দুই যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার ঠাকুরদিঘী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত ২০ বছর বয়সী ফিরোজ আহমেদ তৌহিদের বাড়ি চাঁদপুর জেলার কচুয়া থানার সাহাব পাড়া এলাকায়। তিনি ওই এলাকার মো. মনির হোসেনের ছেলে।
অপর নিহত ২৫ বছর বয়সী মাহি উদ্দিন একই থানার শাহার পাড়া এলাকার পাটোয়ারী বাড়ির মিজান পাটোয়ারীর ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, ফিরোজ আহমেদ তৌহিদ ও মাহি উদ্দিন মোটরসাইকেলে করে কক্সবাজার বেড়াতে গিয়েছিলেন।
ভ্রমণ শেষে মঙ্গলবার ভোরে চাঁদপুরে ফেরার পথে ঠাকুরদিঘী এলাকায় চট্টগ্রামমুখী মোটরসাইকেলটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মিনিট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষের কারণে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক ফিরোজ আহমেদ তৌহিদ মারা যান।
গুরুতর আহত অবস্থায় মাহি উদ্দিনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকেও মৃত ঘোষণা করেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আলাউদ্দিন তালুকদার জানান, লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় আহত মাহি উদ্দিনকে হাসপাতালে আনার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহ উদ্দিন চৌধুরী জানান, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়।
ঘটনাস্থলে একজনকে নিহত অবস্থায় পাওয়া যায় এবং অপরজনকে গুরুতর অবস্থায় হাসপাতালে পাঠানো হলে তিনিও মারা যান বলে জানান ওসি।
দুর্ঘটনার পর মিনিট্রাকটি ঘটনাস্থলে রেখেই এর চালক ও হেলপার পালিয়ে যায়।
পরে পুলিশ দুর্ঘটনাকবলিত মিনিট্রাক ও মোটরসাইকেলটি দোহাজারী হাইওয়ে থানা হেফাজতে নেয়। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান ওসি মো. সালাহ উদ্দিন চৌধুরী।