সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

পেকুয়ায় ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ সংস্কারে জিওব্যাগ স্থাপন

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি | প্রকাশিতঃ ১ সেপ্টেম্বর ২০২৬ | ৭:০০ অপরাহ্ন


কক্সবাজারের পেকুয়া উপজেলার উজানটিয়া ইউনিয়নে লোকালয়ে পানি ঢুকে পড়ার শঙ্কা দূর করতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের নির্দেশে শুরু হয়েছে ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ সংস্কারের কাজ।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) বান্দরবানের নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ের তত্ত্বাবধানে এই সংস্কারকাজে এক কোটি টাকার বেশি বরাদ্দ দেওয়া হয়েছে।

উজানটিয়া ইউনিয়নের করিমদাদ মিয়ার ঘাট, সৈকত বাজার বা সৈকতপাড়া, টেকপাড়া এবং রূপালী বাজার এলাকার বেড়িবাঁধ দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।

ভাঙন ও ধসের কারণে বাঁধের প্রস্থ কমে অনেকটা মাটির আইলের মতো সরু হয়ে গেছে।

বর্ষা, অতিবৃষ্টি, জোয়ারের পানি ও পাহাড়ি ঢলে পানির চাপ বাড়লে দুর্বল অংশ দিয়ে লোকালয়ে পানি ঢুকে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা করছিলেন স্থানীয়রা।

সরেজমিনে দেখা গেছে, উজানটিয়া খান বাহাদুর স্কুলের পশ্চিম পাশে প্রায় ১০ চেইন এবং টেকপাড়া মসজিদ থেকে কাইছারের দোকান পর্যন্ত প্রায় ১২ চেইন বেড়িবাঁধ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।

এছাড়া রূপালী বাজার এলাকায় প্রায় ৮ চেইন এবং করিমদাদ মিয়ার ঘাট অংশে প্রায় ১০ চেইন বেড়িবাঁধ ঝুঁকিপূর্ণ।

গত এক সপ্তাহ ধরে এসব ঝুঁকিপূর্ণ অংশে জিও ব্যাগ বসিয়ে বাঁধের ভাঙন ঠেকানোর কাজ করছেন মনোনীত ঠিকাদাররা।

সংস্কারকাজের করিমদাদ মিয়া ঘাট অংশে ঠিকাদার হোছাইন মুহাম্মদ বাবু ও ইউপি সদস্য সাজ্জাদ হোসেন যুক্ত রয়েছেন।

টেকপাড়া অংশে অ্যাডভোকেট মীর মোশাররফ হোসেন টিটু ও জাহাঙ্গীর আলম এবং রূপালী বাজার অংশে ইউপি সদস্য শরীফ কাজ করছেন। পাশাপাশি সৈকতপাড়া অংশেও সংশ্লিষ্ট ব্যক্তিরা যুক্ত রয়েছেন।

ঠিকাদার হোছাইন মুহাম্মদ বাবু জানান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের নির্দেশে পানি উন্নয়ন বোর্ড জরুরি ভিত্তিতে কাজ করার জন্য ঠিকাদার নিয়োগ দিয়েছে।

তাঁর দায়িত্বে থাকা করিমদাদ মিয়ার ঘাট অংশে প্রায় ২০ হাজার জিও ব্যাগ প্রতিস্থাপন করতে হবে বলে তিনি জানান।

কাজটি যাতে টেকসই হয়, সে জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর প্রেস সচিব সাংবাদিক ছাফওয়ানুল করিম সার্বক্ষণিক তদারকি করছেন বলেও ঠিকাদার বাবু উল্লেখ করেন।

অ্যাডভোকেট মীর মোশাররফ হোসেন টিটু জানান, টেকপাড়া বেড়িবাঁধের অংশটি বেশ ঝুঁকিপূর্ণ।

বিষয়টি স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে অবগত করা হলে তিনি পাউবোকে দ্রুত জিও ব্যাগ দিয়ে ভাঙন ঠেকানোর নির্দেশ দেন।

জরুরি ভিত্তিতে জিও ব্যাগ বসানোর কাজ শুরু হওয়ায় স্থানীয়দের মধ্যে আপাতত কিছুটা স্বস্তি ফিরলেও পুরো বাঁধের স্থায়ী ও টেকসই সংস্কারের দাবি জানিয়েছেন তাঁরা।