সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

ছাত্রদলের সাবেক নেতার বিরুদ্ধে বৃদ্ধাকে রড দিয়ে পেটানোর অভিযোগ

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ১ সেপ্টেম্বর ২০২৬ | ৭:২১ অপরাহ্ন


চট্টগ্রামের পটিয়ায় পূর্বশত্রুতা ও পুরোনো একটি মামলার জেরে আশিউর্ধ্ব এক বৃদ্ধাকে লোহার রড দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম এবং তাঁর নাতনিকে মারধরের অভিযোগ উঠেছে ছাত্রদলের সাবেক এক নেতার বিরুদ্ধে।

সোমবার সকালে উপজেলার হাইদগাঁও ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের গর্জনীয়া পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযুক্ত আজীম উদ্দীন হাইদগাঁও ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহসভাপতি এবং বর্তমানে তিনি যুবদলের রাজনীতিতে সক্রিয় বলে জানা গেছে।

এই ঘটনায় আহতরা হলেন ৮০ বছর বয়সী মছুদা বেগম ও তাঁর নাতনি ৩৬ বছর বয়সী রুবি আকতার।

হামলার ঘটনায় ভুক্তভোগী রুবি আকতার পটিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

জানা যায়, পারিবারিক বিরোধকে কেন্দ্র করে ২০২৪ সালে রুবি আকতার অভিযুক্ত আজীম উদ্দীনকে আসামি করে আদালতে একটি মামলা দায়ের করেছিলেন।

এর পর থেকে প্রতিপক্ষের লোকজন তাঁকে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছিলেন এবং প্রায় এক মাস আগেও তারা বাড়িতে গিয়ে হুমকি দেন বলে রুবি আকতার অভিযোগ করেন।

ওই মামলার জের ধরে সোমবার সকালে প্রতিপক্ষের লোকজন অতর্কিত হামলা চালিয়ে তাঁদের জখম করে।

তাঁর চিৎকার শুনে নানি মছুদা বেগম এগিয়ে এলে তাঁকেও লোহার রড দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করা হয় বলে রুবি আকতার জানান।

এ সময় বৃদ্ধা মছুদা বেগমের গলায় থাকা প্রায় ৯ আনা ওজনের একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া হয়, যার আনুমানিক মূল্য প্রায় ১ লাখ ২০ হাজার টাকা।

পরে স্থানীয় লোকজন আহত মছুদা বেগম ও রুবি আকতারকে উদ্ধার করে পটিয়া হাসপাতালে নিয়ে যান।

রুবি আকতার আরও অভিযোগ করেন, অভিযুক্তরা হাসপাতালে গিয়ে চিকিৎসককে শাসিয়েছে যেন কোনো মেডিকেল সনদ দেওয়া না হয়।

তাঁদের হত্যার ও শ্লীলতাহানির চেষ্টা করা হয়েছে বলেও তিনি দাবি করেন।

অভিযুক্ত আজীম উদ্দীন বিএনপির পরিচয় দিয়ে এলাকায় প্রভাব বিস্তার করায় স্থানীয়রা মুখ খুলতে পারছেন না বলে রুবি আকতার অভিযোগ করেন।

তবে এসব অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত আজীম উদ্দীন জানান, তিনি রুবি আকতারের কাছে মাটি ভরাট বাবদ টাকা পান।

সেই টাকা চাইতে গেলে রুবি আকতার তাঁর পার্টনারসহ দুজনকে গালিগালাজ করেন।

একপর্যায়ে রুবি আকতার উত্তেজিত হয়ে পড়লে তাঁকে থামাতে গিয়ে ধস্তাধস্তির সৃষ্টি হয় এবং সে সময় বৃদ্ধা মছুদা বেগম আঘাতপ্রাপ্ত হন বলে আজীম উদ্দীন দাবি করেন।

পরে তাঁরা নিজেদের উদ্যোগে হাসপাতালে গিয়ে চিকিৎসা নিয়েছেন বলেও তিনি জানান।

এ বিষয়ে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জানান, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।