
চট্টগ্রামের বাঁশখালীতে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানো স্বেচ্ছাসেবীদের নিয়ে ‘বাঁশখালী সম্মিলিত স্বেচ্ছাসেবী আন্দোলন’ নামের একটি নতুন সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে।
দুর্যোগকালীন মানবিক সহায়তার পাশাপাশি উপজেলার সার্বিক উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার লক্ষ্যে এই প্ল্যাটফর্মটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
‘একযোগে লড়ি, বাঁশখালী গড়ি’—এই স্লোগানকে ধারণ করে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১১টায় বাঁশখালী উপজেলা শহীদ মিনার চত্বরে সংগঠনটির আত্মপ্রকাশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
চট্টগ্রামের গণমাধ্যম ও সাংস্কৃতিক সংগঠক মুহাম্মদ জসীম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বাঁশখালীর শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন নিয়ে আলোচনা করা হয়।
সভায় উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মো. জাফর ইকবাল, সি-প্লাসের বাঁশখালী প্রতিনিধি মো. জসীম উদ্দিন এবং দৈনিক সময়ের আলোর বাঁশখালী প্রতিনিধি মো. বেলাল উদ্দিন।
এ ছাড়া চাম্বল ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. ফয়সাল আবেদীন, পল্লী সঞ্চয় ব্যাংক বাঁশখালীর কর্মকর্তা মোহাম্মদ সোহেল এবং প্রজন্ম চট্টগ্রাম এসএসসি ২০২০ ব্যাচের প্রতিনিধি অলক সুশীল এই সভায় অংশগ্রহণ করেন।
সম্মিলিত স্বেচ্ছাসেবী আন্দোলনের সদস্যদের মধ্যে মো. সাজ্জাদ উদ্দিন, হাফেজ মুহাম্মদ রাকিব সিকদার, মোহাম্মদ বেলাল, এম সোহেল হাসান রানা এবং মো. ওবাইদুল ইসলাম সেখানে উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা জানান, দুর্যোগ কিংবা সংকটের সময়ে মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি অবকাঠামোগত উন্নয়নে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। এ লক্ষ্যে দল-মত নির্বিশেষে সকলের সহযোগিতা কামনা করা হয়।
ভবিষ্যতে মানবিক সহায়তার পাশাপাশি বাঁশখালীর উন্নয়নে সংগঠনটি বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মসূচি পালন করবে বলেও সভায় জানানো হয়।