সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

গ্যাস সংকটের অজুহাতে ফটিকছড়ির সড়কে ভাড়া নৈরাজ্য

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ২ সেপ্টেম্বর ২০২৬ | ৫:৩৭ অপরাহ্ন


চট্টগ্রামের ফটিকছড়ির নাজিরহাট-বিবিরহাট সড়কে ফোরস্ট্রোক সিএনজি অটোরিকশায় জ্বালানি খরচের চেয়ে কয়েক গুণ বেশি ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে।

নির্ধারিত তালিকা না থাকায় চালকেরা নিজেদের খেয়ালখুশি মতো অতিরিক্ত ভাড়া আদায় করছেন বলে যাত্রীরা ক্ষোভ প্রকাশ করেছেন।

বুধবার (২ সেপ্টেম্বর) সরেজমিনে দেখা যায়, নাজিরহাট মেডিকেলের সামনে থেকে বিবিরহাট বাসস্ট্যান্ড পর্যন্ত চলাচলকারী চট্টগ্রাম-থ-১২-০৮৪৪ নম্বরের একটি অটোরিকশায় যাত্রীদের কাছ থেকে জনপ্রতি ৩০ টাকা করে ভাড়া নেওয়া হচ্ছে।

এ সড়কের নিয়মিত যাত্রী ওমর ফারুক জানান, বিভিন্ন সময় ঈদের বোনাস, মাইজভাণ্ডার দরবারের ওরশ ও গ্যাস-সংকটের অজুহাতে ভাড়া বাড়ানো হয়।

পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক হলেও ভাড়া আর কমানো হয় না এবং এ নিয়ে চালক ও যাত্রীদের মধ্যে প্রায়ই বাগ্‌বিতণ্ডা হয় বলে তিনি উল্লেখ করেন।

তবে বিবিরহাট সিএনজি স্টেশনের লাইনম্যান নেজাম উদ্দিন বাড়তি ভাড়া নেওয়ার বিষয়টি অস্বীকার করে জানান, অতিরিক্ত ভাড়া নেওয়া চালকেরা তাঁদের স্টেশনের নন।

ঝংকার মোড়ের চালক সরোয়ারও একই কথা জানিয়েছেন।

অন্যদিকে সিএনজি মালিক পক্ষের প্রতিনিধি জাহিদ (০১৬৩৮৮০৯৮০২) ৩০ টাকা ভাড়া নেওয়ার কথা স্বীকার করেছেন।

গ্যাস নিতে ভোগান্তির কারণে এই ভাড়া নেওয়া হচ্ছে বলে তিনি দাবি করলেও একাধিক ফুয়েলিং স্টেশনের সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, বর্তমানে গ্যাস সরবরাহ স্বাভাবিক রয়েছে।

এই সড়কে দূরত্বের তুলনায় ভাড়ার অসামঞ্জস্য রয়েছে। অক্সিজেন-হাটহাজারী ১২-১৩ কিলোমিটার পথে ভাড়া ৫০ টাকা এবং হাটহাজারী-ফটিকছড়ি ২২-২৩ কিলোমিটার পথে ভাড়া ৬০ টাকা। অথচ মাত্র ৭ কিলোমিটার নাজিরহাট-ফটিকছড়ি পথেই ৩০ টাকা ভাড়া নেওয়া হচ্ছে।

পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তিদের দেওয়া হিসাবে, একটি সিএনজিচালিত গাড়ি প্রায় ৪৫ টাকা জ্বালানি খরচে ৭০ কিলোমিটার চলতে পারে। সে হিসাবে প্রতি কিলোমিটারে জ্বালানি খরচ মাত্র ৬৪ পয়সা।

অন্যদিকে এলপিজিচালিত গাড়িতে ৭২ টাকা খরচে প্রায় ২৫ কিলোমিটার চলার হিসাব দেওয়া হয়েছে। এতে প্রতি কিলোমিটারে জ্বালানি খরচ দাঁড়ায় প্রায় ২ টাকা ৮৮ পয়সা।

নাজিরহাট-ফটিকছড়ি ৭ কিলোমিটার পথে ৩০ টাকা ভাড়া নেওয়ায় সিএনজিতে কিলোমিটারপ্রতি ভাড়া দাঁড়ায় প্রায় ৪ টাকা ২৯ পয়সা, যা শুধু জ্বালানি খরচের প্রায় ৬ দশমিক ৭ গুণ।

আর এলপিজি গাড়িতে কিলোমিটারপ্রতি খরচ ২ টাকা ৮৮ পয়সার বিপরীতে ভাড়া নেওয়া হচ্ছে ৪ টাকা ২৯ পয়সা।

বারবার ভাড়া বাড়ানোর এই প্রবণতা বন্ধ করে নির্ধারিত ভাড়া কার্যকর ও ভাড়ার তালিকা প্রকাশ্যে টানানোর দাবি জানিয়েছেন স্থানীয় যাত্রীরা।

এ বিষয়ে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান জানান, এ পথে ভাড়া বাড়ানোর বিষয়ে তাঁদের কাছে নতুন কোনো তথ্য নেই।

ভাড়া বাড়ানোর ক্ষেত্রে যৌক্তিক কারণ থাকতে হবে এবং এ বিষয়ে যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করতে হবে বলেও ওসি উল্লেখ করেন।