
চট্টগ্রামের সাতকানিয়ায় এক সাংবাদিকের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। নগদ টাকা ও মোবাইল ফোন চুরি হলেও মানিব্যাগে থাকা গুরুত্বপূর্ণ কাগজপত্র ও ব্যাংকের কার্ডগুলো রেখে গেছে চোর।
বুধবার দিবাগত গভীর রাতে সাতকানিয়ার ওই বাড়িতে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী সাংবাদিক শহীদুল ইসলাম বাবর ‘দৈনিক আমার দেশ’ পত্রিকার চট্টগ্রাম দক্ষিণ জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন।
জানা যায়, গভীর রাতে রান্নাঘরের জানালা দিয়ে চোর বাড়িতে প্রবেশ করে। এরপর দ্বিতীয় তলায় গিয়ে ঘরের বিভিন্ন স্থানে তল্লাশি চালায়।
এ সময় শহীদুল ইসলাম বাবরের ব্যবহৃত একটি আইফোনসহ মোট তিনটি মোবাইল ফোন এবং তাঁর মানিব্যাগ থেকে আনুমানিক ১১ হাজার টাকা চুরি হয়।
তবে নগদ টাকা নেওয়ার পর চোর পুরো মানিব্যাগটি সঙ্গে নেয়নি। সেটি সিঁড়িতে ফেলে রেখে যায়।
পরে মানিব্যাগটি উদ্ধার করে দেখা যায়, ভেতরে থাকা গুরুত্বপূর্ণ কাগজপত্র ও ব্যাংকের কার্ডগুলো সম্পূর্ণ অক্ষত রয়েছে।
মানিব্যাগে এনটিভি ও দৈনিক আমার দেশ পত্রিকার পরিচয়পত্র, ড্রাইভিং লাইসেন্স এবং বিভিন্ন ব্যাংকের কার্ড ছিল।
এর মধ্যে ইসলামী ব্যাংকের ডেবিট ও ক্রেডিট কার্ড এবং প্রাইম ব্যাংকের ক্রেডিট কার্ডসহ অন্যান্য গুরুত্বপূর্ণ কাগজপত্র সুরক্ষিত ছিল।
সাংবাদিক শহীদুল ইসলাম বাবর জানান, চোর তিনটি মোবাইল ফোন ও প্রায় ১১ হাজার টাকা নিয়ে গেলেও মানিব্যাগটি ফেলে যাওয়ায় তাঁর গুরুত্বপূর্ণ কাগজপত্রগুলো রক্ষা পেয়েছে।
চোর হয়তো বুঝতে পেরেছিল যে, টাকা ও মোবাইল কাজে লাগলেও আইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স কিংবা ব্যাংকের কার্ড তার কোনো কাজে আসবে না, তাই সেগুলো রেখে গেছে বলে মন্তব্য করেন এ সাংবাদিক।