সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

লোহাগাড়ায় প্রকাশ্যে স্কুলশিক্ষককে এলোপাতাড়ি ছুরিকাঘাত

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ৪ সেপ্টেম্বর ২০২৬ | ১১:২৩ অপরাহ্ন


চট্টগ্রামের লোহাগাড়ায় টিউশনি করাতে যাওয়ার পথে দুর্বৃত্তদের এলোপাতাড়ি ছুরিকাঘাতে নজরুল ইসলাম (৩৫) নামে এক স্কুলশিক্ষক গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের শহীদ মেজর নাজমুল হক সড়কে এ হামলার ঘটনা ঘটে।

আহত শিক্ষক নজরুল ইসলাম লোহাগাড়া সদর ইউনিয়নের উকিলের পাড়ার আবদুল গফুরের ছেলে। তিনি ইকরা আবদুল জব্বার উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন।

স্বজন ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় টিউশনি করাতে যাওয়ার সময় শহীদ মেজর নাজমুল হক সড়কে একদল দুর্বৃত্ত শিক্ষক নজরুল ইসলামের গতিরোধ করে।

কিছু বুঝে ওঠার আগেই তারা তাঁকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। স্বজনরা জানিয়েছেন, তাঁর শরীরের পাঁচ স্থানে ছুরিকাঘাতের জখম রয়েছে।

হামলার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। লোকজনের উপস্থিতি টের পেয়ে হামলাকারীরা সটকে পড়ে।

পরে স্থানীয়রা গুরুতর আহত শিক্ষককে উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।

প্রকাশ্যে একজন শিক্ষকের ওপর এমন হামলার ঘটনায় এলাকায় আতঙ্ক তৈরি হয়েছে। স্থানীয়রা জড়িত দুর্বৃত্তদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানান।