
প্রবাসীদের দীর্ঘ এক যুগের সাংগঠনিক দ্বন্দ্বের অবসান ঘটিয়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এক ছাতার নিচে এসেছেন কক্সবাজারবাসী।
নিজেদের মধ্যকার বিরোধ ভুলে আগামী ৯ মাসের মধ্যে একটি গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে ১৩ সদস্যের একটি শক্তিশালী অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে।
গত বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) নিউইয়র্কের জ্যাকসন হাইটসের সানাই রেস্টুরেন্টে আয়োজিত এক মধ্যস্থতা বৈঠকে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রবীণ প্রবাসী ও কমিউনিটি সংগঠক মোহাম্মদ আল জুবায়ের মানিক প্রবাসীদের ঐক্যবদ্ধ করার এই উদ্যোগ নেন।
বৈঠকে সভাপতিত্ব করেন প্রবীণ প্রবাসী আবুল কালাম আজাদ এবং প্রধান অতিথি ছিলেন আরেক প্রবীণ প্রবাসী হাসান চৌধুরী।
সভায় নিউইয়র্ক থেকে প্রকাশিত সাপ্তাহিক নবযুগ সম্পাদক ও ব্যবসায়ী শাহাব উদ্দিন সাগরকে নতুন অ্যাডহক কমিটির চিফ কোঅর্ডিনেটর বা প্রধান সমন্বয়কের দায়িত্ব দেওয়া হয়।
কমিটির বাকি ১২ জন সদস্য হলেন আক্তার হোসাইন, রফিকুল ইসলাম বাহাদুর, রফিক উল্লাহ রনি, নুরুল আজিম, সামিরুল ইসলাম বাবলু, মুর্তাজোর রহমান নওশার, মোহাম্মদ ইরফান, জহিরুল ইসলাম, মনসুর আলম, সফিউল আজম, নুরুল আবরার ও মোহাম্মদ নুরুল আমিন।
কমিটি গঠনের আগে উপস্থিত নেতৃবৃন্দ নিজেদের মধ্যকার আগের সব দ্বন্দ্ব ভুলে ঐক্যবদ্ধ হওয়ার ওপর গুরুত্বারোপ করে বক্তব্য দেন।
এ সময় ঐক্যবদ্ধের উদ্যোক্তা মোহাম্মদ আল জুবায়ের মানিক, প্রধান অতিথি হাসান চৌধুরী, সারওয়ার চৌধুরী সিপিএ, এমডি ইউসুফ হারুন, সৈয়দদুল হক, মোজাম্মেল হোসেন তালুকদার এবং এমডি ফয়সাল হাসান বক্তব্য রাখেন।
পাশাপাশি শাহাব উদ্দিন সাগর, আক্তার হোসাইন, রফিকুল ইসলাম বাহাদুর, রফিক উল্লাহ রনি, নুরুল আজিম, সামিরুল ইসলাম বাবলু, মুর্তাজোর রহমান নওশার, মোহাম্মদ ইরফান, জহিরুল ইসলাম, মনসুর আলম, সফিউল আজম, নুরুল আবরার ও মোহাম্মদ নুরুল আমিনও সেখানে বক্তব্য দেন।
উদ্যোক্তা মোহাম্মদ আল জুবায়ের মানিক জানান, দীর্ঘদিন ধরে নিউইয়র্কে কক্সবাজার প্রবাসীদের মধ্যে নানা গ্রুপ ও মতবিরোধ সাধারণ প্রবাসীদের মধ্যে অস্বস্তি তৈরি করেছিল।
সবাইকে একসঙ্গে করার এই উদ্যোগ সফল হয়েছে উল্লেখ করে তিনি প্রত্যাশা করেন, নতুন কমিটি একটি নির্বাচনের মাধ্যমে প্রবাসে কক্সবাজারের ভবিষ্যৎ নেতৃত্ব তৈরি করতে সক্ষম হবে।
নবগঠিত কমিটির চিফ কোঅর্ডিনেটর শাহাব উদ্দিন সাগর জানান, ১৩ জন সদস্য মিলে সম্মিলিতভাবে কাজগুলো সম্পন্ন করবেন।
একটি উপদেষ্টা কমিটি গঠন, সদস্য ও অর্থ সংগ্রহ, গঠনতন্ত্র প্রণয়ন এবং নির্বাচন কমিশন গঠন করে কক্সবাজারবাসীকে একই ছাতার নিচে আনাই এই অ্যাডহক কমিটির মূল লক্ষ্য বলে তিনি উল্লেখ করেন।