সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

চট্টগ্রামে ৫ দিনে ডেঙ্গু আক্রান্ত ৩৬৭, পরিস্থিতি অবনতির শঙ্কা

একুশে প্রতিবেদক | প্রকাশিতঃ ৬ সেপ্টেম্বর ২০২৬ | ৭:৩৫ অপরাহ্ন


চট্টগ্রামে ডেঙ্গু পরিস্থিতি ক্রমেই অবনতির দিকে যাচ্ছে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক করে জানিয়েছেন, এখনই কার্যকর পদক্ষেপ না নিলে সেপ্টেম্বরের শেষ ভাগ ও অক্টোবরে পরিস্থিতি সংকটের মুখে পড়তে পারে।

চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদন অনুযায়ী, চলতি সেপ্টেম্বরের প্রথম পাঁচ দিনেই ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৩৬৭ জনে পৌঁছেছে এবং মারা গেছেন একজন। সব মিলিয়ে চলতি মাসের প্রথম ছয় দিনে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা তিন শতাধিক পার হয়েছে।

এর আগে গত আগস্ট মাসে চট্টগ্রাম জেলা ও মহানগর মিলিয়ে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা ছিল ১ হাজার ২০২ জন এবং মৃতের সংখ্যা ছিল দুজন।

তবে বিভিন্ন মাধ্যমে জানা যাচ্ছে, বেসরকারি হিসাবে আক্রান্তের প্রকৃত সংখ্যা সরকারি তালিকার চেয়ে আরও বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, পরিস্থিতির আগাম ভয়াবহতা বুঝে এখনই এডিস মশার প্রজননস্থল ধ্বংস ও ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করতে হবে। পাশাপাশি হাসপাতালের প্রস্তুতি এবং জনসচেতনতা জোরদার করা অত্যন্ত জরুরি।

ডেঙ্গু পরিস্থিতি নিয়ে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাজেদুর রহমান দৈনিক কালবেলাকে জানান, এই সময়ে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়বে, যা অক্টোবরের মাঝামাঝি পর্যন্ত থাকার সম্ভাবনা আছে।

পরিস্থিতি মোকাবিলায় সিভিল সার্জন কার্যালয় থেকে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি ডেঙ্গু রোগ নির্ণয়ের উপকরণের সংখ্যাও বৃদ্ধি করা হয়েছে বলে তিনি জানান।

ডেঙ্গু আক্রান্তদের সংকটপূর্ণ পরিস্থিতির বিষয়ে সিভিল সার্জন জানান, শুরুতে জ্বর থাকলেও আক্রান্ত হওয়ার চতুর্থ থেকে সপ্তম দিন হচ্ছে সবচেয়ে সংকটপূর্ণ সময়।

তিনি আরও জানান, ওই দিনগুলোতে জ্বর থাকে না বলে রোগী ও তাঁর স্বজনেরা মনে করেন সুস্থতার দিকে যাচ্ছেন। তখনই মূলত রোগ নিয়ে অবহেলা করা হয়।

তাই কেউ ডেঙ্গু আক্রান্ত হলে প্রথম দিন থেকেই চিকিৎসকের পরামর্শ মেনে নিয়মিত চিকিৎসা নেওয়া এবং সর্বোচ্চ সচেতন থাকার তাগিদ দেন এই কর্মকর্তা।