সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

সড়ক পারাপারের সময় মাইক্রোবাসের ধাক্কায় ঝরল শিক্ষার্থীর প্রাণ

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ৬ সেপ্টেম্বর ২০২৬ | ৯:৪৯ অপরাহ্ন


চট্টগ্রামের ফটিকছড়িতে সড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি মাইক্রোবাসের ধাক্কায় মো. মারুফ (১৩) নামের এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

রোববার (৬ সেপ্টেম্বর) বিকেলে চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের কুম্বারপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত মারুফ নাজিরহাট পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. সাইদুলের ছেলে। সে স্থানীয় একটি মাদ্রাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয় সূত্র জানায়, রোববার বিকেলে সড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি মাইক্রোবাস মারুফকে সজোরে ধাক্কা দেয়।

ধাক্কা খেয়ে সে ছিটকে গিয়ে সড়কের পাশের একটি গাছের সঙ্গে গুরুতর আঘাত পায়।

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদুল আলম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।