সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

জামিনে মুক্ত ছনুয়া উন্নয়ন পরিষদের সভাপতি এমরুল কায়েস

একুশে প্রতিবেদক | প্রকাশিতঃ ৮ সেপ্টেম্বর ২০২৬ | ১২:১৩ পূর্বাহ্ন


একটি মামলায় ২ মাস ৫ দিন কারাভোগের পর হাইকোর্ট থেকে স্থায়ী জামিন পেয়ে কারামুক্ত হয়েছেন বাঁশখালীর ছনুয়া উন্নয়ন পরিষদের সভাপতি লায়ন মো. আমিরুল হক (এমরুল কায়েস)।

সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান।

পরিবারের অভিযোগ, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে তাঁর প্রতিদ্বন্দ্বিতা করার সম্ভাবনা থাকায় স্থানীয় বিএনপির এক নেতা তাঁকে এই মামলায় জড়িয়ে দিয়েছেন।

গত ৩ জুলাই বিকেলে চান্দগাঁও থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল সাদা পোশাকে জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করেছিল।

পুলিশ সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট-পরবর্তী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে চান্দগাঁও থানায় দায়ের হওয়া একটি মামলায় ৮৪ নম্বর এজাহারভুক্ত আসামি হিসেবে তাঁকে গ্রেপ্তার করা হয়।

পরে ৫ জুলাই চট্টগ্রাম চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-১-এ তাঁর পক্ষে জামিন আবেদন নামঞ্জুর হলে তাঁকে কারাগারে পাঠানো হয়েছিল।

স্থানীয়দের অভিযোগ, এলাকার উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে যুক্ত থাকায় তাঁর জনপ্রিয়তা তৈরি হয়েছে। রাজনৈতিক প্রতিহিংসা থেকেই অরাজনৈতিক সংগঠন ছনুয়া উন্নয়ন পরিষদের এই সভাপতিকে আওয়ামী লীগ-সংশ্লিষ্ট হিসেবে মামলায় জড়ানো হয়েছে।

এমরুল কায়েস চট্টগ্রামের অরবিট ক্রেডিট স্কুল অ্যান্ড কলেজ, শরীফা আর্ট স্কুল, শরীফা সুন্দর লেখা শেখার স্কুল, ছনুয়া মৌলভী নজরুল ইসলামপাড়া উচ্চ বিদ্যালয়, ছনুয়া শরীফা-নজরুল মডেল মাদ্রাসা এবং শরীফা প্রকাশনী প্রতিষ্ঠার সঙ্গে যুক্ত রয়েছেন।

গ্রেপ্তারের পর তাঁর মুক্তির দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্থানীয়রা প্রতিবাদ জানান। জামায়াত, বিএনপি ও এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং সর্বস্তরের মানুষ তাঁর মুক্তির দাবিতে সরব ছিলেন।

তাঁর এই কারামুক্তিতে শুরু থেকে শেষ পর্যন্ত সরব থাকা সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ছনুয়া উন্নয়ন পরিষদের প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ বেলাল উদ্দিন।