সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

ফটিকছড়িতে নেহার মৃত্যু নিয়ে সাইবার বুলিংয়ের প্রতিবাদে মানববন্ধন

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ৮ সেপ্টেম্বর ২০২৬ | ৮:৫৯ অপরাহ্ন


চট্টগ্রামের ফটিকছড়িতে গৃহবধূ সামিহা হাকিম নেহার মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে সাইবার বুলিং ও ট্রল বন্ধের দাবি জানিয়েছেন সুন্দরপুরের বাসিন্দারা।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার সুন্দরপুর ইউনিয়নের কান্দিরপাড় এলাকায় এই মানববন্ধনের আয়োজন করা হয়।

এতে নারী-পুরুষ, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা জানান, নেহার মৃত্যুর প্রকৃত কারণ নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে বের করতে হবে। ঘটনায় কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান তাঁরা।

স্থানীয় বাসিন্দারা জানান, নেহার মৃত্যুর সত্য উদ্‌ঘাটন ও ন্যায়বিচার শুধু তাঁর পরিবারের নয়, সুন্দরপুরবাসীরও দাবি।

তবে তদন্ত শেষ হওয়ার আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে কাউকে অপরাধী হিসেবে চিহ্নিত করা, ট্রল করা কিংবা অপমানজনক প্রচারণা চালানো কোনোভাবেই কাম্য নয় বলে তাঁরা উল্লেখ করেন।

গত ১ সেপ্টেম্বর রাতে সুন্দরপুরের কান্দিরপাড় এলাকার একটি বাড়ি থেকে নেহার মরদেহ উদ্ধার করা হয়।

পরে তাঁর মা রুপা আক্তার বাদী হয়ে নেহার স্বামী মো. মারুফ পারভেজসহ দুজনের নাম উল্লেখ করে এবং আরও কয়েকজনকে অজ্ঞাতনামা আসামি করে একটি মামলা দায়ের করেন।

নেহার পরিবারের অভিযোগ, তাঁকে হত্যা করা হয়েছে। অন্যদিকে, শ্বশুরবাড়ির পক্ষ থেকে তাঁর মৃত্যুকে আত্মহত্যা বলে দাবি করা হয়েছে।

এর আগে এই ঘটনাকে কেন্দ্র করে গত সোমবার (৭ সেপ্টেম্বর) ফটিকছড়ি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডেও নেহার মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেন এলাকাবাসী ও শিক্ষার্থীরা।