সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

চকরিয়ায় পাহাড়ি সড়কের পাশ থেকে অজ্ঞাত মরদেহ উদ্ধার

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি | প্রকাশিতঃ ১০ সেপ্টেম্বর ২০২৬ | ৬:৪৭ অপরাহ্ন


কক্সবাজারের চকরিয়া উপজেলায় একটি পাহাড়ি সড়কের পাশ থেকে অজ্ঞাত পরিচয়ধারী এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের পাহাড়ি জনপদ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত ওই ব্যক্তির বয়স আনুমানিক ৪৫ বছর। প্রাথমিকভাবে তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে ধারণা করছে পুলিশ।

মানিকপুরের বাসিন্দা ও বিএনপি নেতা সাইফুল কবির চৌধুরী প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালেও পাহাড়ি সড়কটিতে সাধারণ মানুষের চলাচল শুরু হয়।

সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে কয়েকজন পথচারী সড়কের একপাশে ওই ব্যক্তিকে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখেন। প্রথমে অসুস্থ ভেবে এগিয়ে গেলেও কাছে গিয়ে তাঁরা বুঝতে পারেন লোকটির কোনো সাড়াশব্দ নেই।

তাৎক্ষণিকভাবে বিষয়টি চকরিয়া থানার ওসিকে অবহিত করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করতে পুলিশের পাশাপাশি স্থানীয়রাও চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মরদেহটি কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তাঁর পরিচয় শনাক্ত এবং মৃত্যুর কারণ উদ্ঘাটনে পুলিশ কাজ করছে। পরিচয় পাওয়া না গেলে মরদেহটি কক্সবাজার আঞ্জুমানে মফিদুল ইসলামের মাধ্যমে দাফন করা হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।