সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

সাতকানিয়ায় কৃতি শিক্ষার্থীদের উচ্চশিক্ষা নিশ্চিত করার তাগিদ এমপির

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ১১ সেপ্টেম্বর ২০২৬ | ৯:০৪ অপরাহ্ন


মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষা নিশ্চিত করতে পরিবার, শিক্ষক ও সমাজের দায়িত্বশীলদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদীয় পার্টির সেক্রেটারি এবং সাতকানিয়া-লোহাগাড়া আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রামের সাতকানিয়া পৌরসভার রুপকানিয়া আহমদিয়া দাখিল মাদ্রাসায় আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

দাখিল পরীক্ষায় জিপিএ-৫ (এ প্লাস) প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শাহজাহান চৌধুরী জানান, মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ ও জাতির নেতৃত্ব দেবে। বিশেষ করে দ্বীনি বা ধর্মীয় শিক্ষায় মেধার স্বাক্ষর রাখা শিক্ষার্থীদের উচ্চশিক্ষা নিশ্চিত করতে সবাইকে কার্যকর ভূমিকা রাখতে হবে।

তিনি আরও জানান, একজন মানুষের জীবনে ধর্মীয় শিক্ষা অত্যন্ত প্রয়োজনীয়। প্রকৃত দ্বীনি শিক্ষা মানুষের নৈতিকতা, সততা, মানবিকতা ও উন্নত চরিত্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই শিক্ষার মাধ্যমে মানুষ দুনিয়ার কল্যাণের পাশাপাশি আখেরাতের মুক্তির পথও সুগম করতে পারে।

শিক্ষার্থীদের উদ্দেশে এই সংসদ সদস্য জানান, শুধু ভালো ফলাফল অর্জন করলেই দায়িত্ব শেষ নয়। অর্জিত জ্ঞানকে দেশ ও সমাজের কল্যাণে কাজে লাগাতে হবে। ভালো ফলাফলে আত্মতুষ্ট না হয়ে উচ্চশিক্ষার মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি অধ্যক্ষ হামিদ উদ্দিন আজাদ এবং সঞ্চালনা করেন সিনিয়র শিক্ষক মাওলানা মো. শাহে আলম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক জাফর সাদেক, সোনাকানিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ডা. নুরুল হক, আহমদিয়া কমপ্লেক্স পরিচালনা কমিটির সেক্রেটারি শাহে আলম এবং এম. ওয়াজেদ আলী।

এছাড়া মাদ্রাসার সুপার মাওলানা মোহাম্মদ ইসমাইল, শাহ সুপার মাওলানা আব্দুল মোমেন ও সাবেক মেম্বার আব্দুর সবুর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয় এবং অতিথিরা তাঁদের হাতে পুরস্কার তুলে দেন।