
চট্টগ্রামের পটিয়ায় একটি মাদ্রাসায় ৯ বছর বয়সী এক ছাত্রকে একাধিকবার ধর্ষণের (বলাৎকার) অভিযোগে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের আমজুরহাট বাজারসংলগ্ন এম আর টাওয়ারের দ্বিতীয় তলায় অবস্থিত শাহ মালেকিয়া তাহফিজুল কুরআন মাদ্রাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ওই শিক্ষকের নাম হাফেজ মো. রবিউল হাসান (২৪)। তিনি কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নের ফৈজানিরপাড়া এলাকার মো. হোসাইনের ছেলে। তিনি শাহ মালেকিয়া তাহফিজুল কুরআন মাদ্রাসায় শিক্ষকতা করতেন।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৫ জুলাই ভোর আনুমানিক ৪টার দিকে এবং ৩০ আগস্ট ভোর আনুমানিক ৪টার দিকে ওই শিশুর সঙ্গে মাদ্রাসার ভেতরে ধর্ষণের ঘটনা ঘটে।
গতকাল রাতে শিশুটিকে পুনরায় ধর্ষণের চেষ্টা করা হলে পরিবারের পক্ষ থেকে পুলিশকে খবর দেওয়া হয়। এরপর পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হকের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জানান, এ ঘটনায় শিশুটির পরিবারের পক্ষ থেকে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১) ধারায় মামলা করা হয়েছে। গ্রেপ্তার আসামিকে ইতোমধ্যে আদালতে সোপর্দ করা হয়েছে।