সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নেতৃত্বে এমরান ও তারেক

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি | প্রকাশিতঃ ১২ সেপ্টেম্বর ২০২৬ | ৮:৪৭ অপরাহ্ন


ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত কক্সবাজার জেলার শিক্ষার্থীদের সংগঠন কক্সবাজার স্টুডেন্টস ফোরামের (সিএসএফ) নতুন কমিটি গঠন করা হয়েছে। প্রত্যক্ষ ভোটে সংগঠনটির সভাপতি নির্বাচিত হয়েছেন মো. এমরান খান এবং সাধারণ সম্পাদক হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন তারেক রহমান শাকিব।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে সংগঠনটির এই নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সহসভাপতি পদে আব্দুল্লাহ আল জুবাইর প্রত্যক্ষ ভোটে এবং সাংগঠনিক সম্পাদক পদে আহমেদ আল সাহিক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

নির্বাচন কমিশন জানায়, ফোরামের মোট ৩১৫ জন ভোটারের মধ্যে ১৫২ জন ভোটাধিকার প্রয়োগ করেছেন। উপস্থিত ভোটারের হার ৪৮ দশমিক ২৫ শতাংশ। এর মধ্যে দুটি ভোট বাতিল বলে গণ্য হয়েছে। ভোট গ্রহণ শেষে নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করে।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন অধ্যাপক মো. আবসার কামাল। নির্বাচন কমিশনের সচিব ছিলেন সংগঠনের সদ্য বিদায়ী সভাপতি মোর্তজা হোছাইন শাফি। এ সময় উপস্থিত ছিলেন কক্সবাজার স্টুডেন্টস ফোরামের উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের চেয়ারম্যান ড. সিরাজুল হক।

নির্বাচন কমিশনের প্রকাশিত নথি অনুযায়ী, আগামী এক বছরের জন্য সংগঠনটির আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।

নবনির্বাচিত সভাপতি মো. এমরান খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং তাঁর বাড়ি মহেশখালী উপজেলায়।

অন্যদিকে, সাধারণ সম্পাদক তারেক রহমান শাকিব আরবি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের এবং তাঁর বাড়ি উখিয়া উপজেলায়। সাংগঠনিক সম্পাদক আহমেদ আল সাহিক আন্তর্জাতিক ব্যবসায় বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী, যার বাড়ি চকরিয়া উপজেলায়।

সংগঠনের সদস্যরা আশা প্রকাশ করেছেন, নবনির্বাচিত এই নেতৃত্ব কক্সবাজারের শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার পাশাপাশি পারস্পরিক সহযোগিতা ও ঐক্য সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।