সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

খাগড়াছড়িতে সেনাবাহিনীর ফ্রি মেডিক্যাল ক্যাম্প

খাগড়াছড়ি প্রতিনিধি | প্রকাশিতঃ ১২ সেপ্টেম্বর ২০২৬ | ৮:৫০ অপরাহ্ন


দুর্গম পাহাড়ি এলাকার সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে খাগড়াছড়িতে বিনামূল্যে মেডিক্যাল ক্যাম্প করেছে সদর সেনা রিজিয়ন।

এতে জেলার বিভিন্ন প্রত্যন্ত এলাকা থেকে আসা সহস্রাধিক মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা, প্রয়োজনীয় ওষুধ ও স্বাস্থ্য পরামর্শ পেয়েছেন।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে এই চিকিৎসা শিবিরের আয়োজন করা হয়।

ক্যাম্পে চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ, মেডিসিন বিশেষজ্ঞ, নাক-কান-গলা (ইএনটি) বিশেষজ্ঞ, চক্ষু বিশেষজ্ঞ এবং স্ত্রী রোগ ও প্রসূতি বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগীদের সেবা ও পরামর্শ দেন।

চিকিৎসাসেবা নিতে সকাল থেকেই জেলার বিভিন্ন দুর্গম এলাকা থেকে আসা নারী, পুরুষ ও শিশুদের উপস্থিতিতে হাসপাতাল প্রাঙ্গণে ভিড় দেখা যায়।

এ সময় বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শের পাশাপাশি অনেক রোগীকে বিনামূল্যে ওষুধও দেওয়া হয়।

আয়োজকরা জানান, দুর্গম এলাকার সাধারণ মানুষের জন্য নিয়মিত চিকিৎসাসেবা পাওয়া অনেক সময় কঠিন হয়ে পড়ে। এসব মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যেই এই মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করা হয়েছে।

পার্বত্য অঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ভবিষ্যতেও সেনাবাহিনীর পক্ষ থেকে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়।