সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

চট্টগ্রামে বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে প্রাণ গেল চারজনের

একুশে প্রতিবেদক | প্রকাশিতঃ ১৩ সেপ্টেম্বর ২০২৬ | ৮:৫৩ পূর্বাহ্ন


চট্টগ্রামে বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে কাভার্ডভ্যানের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে চারজনের প্রাণহানি ঘটেছে।

রবিবার ভোররাতে চট্টগ্রামের কর্ণফুলী কলেজ বাজার সংলগ্ন ক্রসিং মোড় এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় গুরুতর আহত আরও সাতজন বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি।

নিহতরা হলেন কক্সবাজারের ঈদগাঁও ইউনিয়নের উত্তর মাইজপাড়া এলাকার বাসিন্দা মনজুর আলমের দুই সন্তান মিমতা ও মোর্শেদ, তাঁদের ফুফা ফেরদৌস আলম ফিরোজ এবং গাড়িচালক মুন্না।

নিহত ফেরদৌস আলম ফিরোজ ঈদগাঁওয়ের আরাফাত শপিং কমপ্লেক্সের নুরজাহান মেডিকোর স্বত্বাধিকারী ছিলেন। তাঁর গ্রামের বাড়ি পোকখালী ইউনিয়নের গোমাতলী এলাকায়।

ঈদগাঁও থানার সাবেক এএসআই মোহাম্মদ মহিউদ্দিন এই দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, চট্টগ্রাম নগরের আগ্রাবাদে একটি বিয়ের অনুষ্ঠান শেষে মাইক্রোবাসটি যাত্রীদের নিয়ে কক্সবাজারের উদ্দেশে রওনা হয়েছিল।

ক্রসিং মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের সঙ্গে মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয় এবং হাসপাতালে নেওয়ার পর আরও একজন মারা যান।

দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।