সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

খাগড়াছড়িতে সড়ক দুর্ঘটনায় নিহত অন্তত ৭

| প্রকাশিতঃ ৩ ফেব্রুয়ারী ২০১৭ | ২:৪৯ অপরাহ্ন

খাগড়াছড়ির আলুটিলা এলাকায় আজ শুক্রবার সড়ক দুর্ঘটনায় অন্তত ৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন। আহত ব্যক্তিদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক। খাগড়াছড়ি সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা নয়নময় ত্রিপুরা এই তথ্য জানান।

দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আহত ব্যক্তিদের উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা নয়নময় ত্রিপুরা বলেন, ৭ ব্যক্তির লাশ এসেছে। আহত ১৫ জনের মধ্যে ২ জনের অবস্থা গুরুতর। উন্নত চিকিৎসার জন্য তাঁদের অন্য হাসপাতালে পাঠানো লাগতে পারে।

দুর্ঘটনা সম্পর্কে ভিন্ন তথ্য পাওয়া যাচ্ছে।

স্থানীয় লোকজনের ভাষ্য, আলুটিলা এলাকায় খাগড়াছড়ি-মাটিরাঙ্গা সড়কের পাশে বৌদ্ধ সম্প্রদায়ের এক ধর্মীয় গুরুর অন্ত্যেষ্টিক্রিয়ার আনুষ্ঠানিকতা চলছিল। এই আনুষ্ঠানিকতায় হাজারো অনুসারী অংশ নেন। তাঁদের মধ্যে সড়কে থাকা কিছু লোকের ওপর দ্রুতগতির একটি ট্রাক উঠে যায়। এতে হতাহতের ঘটনা ঘটে।

অন্যদিকে, ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে বলা হচ্ছে, আলুটিলা এলাকায় খাগড়াছড়ি-মাটিরাঙ্গা সড়কে দ্রুতগতির একটি ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারান। এতে ট্রাকটি স্থানীয় যানবাহন চাঁদের গাড়ির ওপর উঠে যায়। এতে হতাহতের ঘটনা ঘটে।

খাগড়াছড়ি সদর থানার উপপরিদর্শক (এসআই) মাসুদ উল্লাহ বলেন, সড়ক দুর্ঘটনায় ৭ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাস্থলে পুলিশ গেছে।