
‘সব দেখেছি বারবার, দাঁড়িপাল্লা এইবার’—এমন স্লোগান দিয়ে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন ১০ দলীয় জোট ও জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী আব্দুল্লাহ আল ফারুক।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে এই অঞ্চলের সর্বজন শ্রদ্ধেয় আলেম ‘খতিবে আজম’ মাওলানা ছিদ্দিক আহমদের কবর জিয়ারতের মধ্য দিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে ধানের শীষের প্রচারণায় নামেন।
এর আগে সকালে তিনি চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নে নিজের সদ্য প্রয়াত বাবা নুরুল কবিরের কবর জিয়ারত করেন। এরপর সকাল সাড়ে ১০টায় আলেম-ওলামাদের সঙ্গে নিয়ে জিয়ারত করেন খতিবে আজমের কবর।
দিনের কর্মসূচির অংশ হিসেবে দুপুর ১২টায় চকরিয়া পৌরসভার ফুলতলা জামে মসজিদ সংলগ্ন শহীদ খায়রুল ইসলামের কবর এবং পরে পৌরশহরের শহীদ ফোরকানের কবর জিয়ারত করেন আব্দুল্লাহ আল ফারুক।
বিকেলে হারবাং ইউনিয়নে দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে আয়োজিত প্রথম নির্বাচনী গণমিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন তিনি।
সমাবেশে আব্দুল্লাহ আল ফারুক বলেন, “জনগণের ভালোবাসা ও দোয়াই আমার সবচেয়ে বড় শক্তি। ১২ ফেব্রুয়ারির নির্বাচনে চকরিয়া-পেকুয়াবাসীর সমর্থনে বিজয়ী হলে ইসলাম, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে আমি শেষ পর্যন্ত অটল থাকব।”
রাজনৈতিক প্রতিহিংসামুক্ত ও মানবিক চকরিয়া-পেকুয়া গড়ার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, “পুরোনো বন্দোবস্ত থেকে বেরিয়ে একটি নতুন বাংলাদেশ গড়তে হবে। তাই সম্মানিত চকরিয়া-পেকুয়াবাসীর নতুন স্লোগান হোক—সব দেখেছি বারবার, দাঁড়িপাল্লা এইবার।”
পরে রাতে ফাঁসিয়াখালী ইউনিয়নে নির্বাচনী পথসভাও করেন তিনি। সেখানে তিনি বলেন, দেশের কল্যাণ ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় তিনি নির্বাচনে অংশ নিয়েছেন। বঞ্চিত মানুষের অধিকার আদায়ে কাজ করার সুযোগ চেয়ে তিনি সকলের দোয়া কামনা করেন।
প্রচারণাকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হেদায়েত উল্লাহ, জেলা ছাত্রশিবিরের সভাপতি মীর মোহাম্মদ আবু তালহা, চকরিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল বশর, চকরিয়া পৌর জামায়াতের আমীর আরিফুল কবির, বরইতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছালেকুজ্জামান, হারবাং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জহির উদ্দিন আহমেদ বাবর, লক্ষ্যারচর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফা কাইছার প্রমুখ।