সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

চট্টগ্রাম স্টেডিয়ামে অনূর্ধ্ব-১৫ ফুটবলের জমজমাট ফাইনাল শনিবার

একুশে প্রতিবেদক | প্রকাশিতঃ ২৩ জানুয়ারী ২০২৬ | ২:৫৮ অপরাহ্ন


চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশনের (সিডিএফএ) ব্যবস্থাপনায় এবং ক্লাইম্ব বিডি’র পৃষ্ঠপোষকতায় আয়োজিত ‘সিডিএফএ-ক্লাইম্ব অনূর্ধ্ব-১৫ একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫-২৬’-এর পর্দা নামছে শনিবার। শিরোপা নির্ধারণী এই ফাইনাল ম্যাচে মুখোমুখি হবে বোয়ালখালী আকুবদন্ডি ফুটবল একাডেমি এবং আরজি ফুটবল একাডেমি।

আগামী ২৪ জানুয়ারি (শনিবার) বিকেল ৩টায় চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে এই হাইভোল্টেজ ম্যাচটি অনুষ্ঠিত হবে। শুক্রবার এই তথ্য নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশনের সাবেক কোষাধ্যক্ষ বিশ্বজিৎ সাহা।

আয়োজকরা জানান, উৎসবমুখর পরিবেশে ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন টুর্নামেন্টের পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ক্লাইম্ব বিডি’র ব্যবস্থাপনা পরিচালক জসীম আহমদ।

চট্টগ্রামের ফুটবল অঙ্গনে নতুন প্রতিভা অন্বেষণের লক্ষ্যে আয়োজিত এই টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি এস. এম. শহীদুল ইসলাম। সার্বিক তত্ত্বাবধানে থাকবেন সংগঠনের সাধারণ সম্পাদক আ. ন. ম. ওয়াহিদ দুলাল।

বিশ্বজিৎ সাহা জানান, টুর্নামেন্টটি খুদে ফুটবলারদের মধ্যে ব্যাপক উৎসাহ সৃষ্টি করেছে এবং ফাইনাল ম্যাচটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলে আশা করা যাচ্ছে। দর্শকদের মাঠে এসে খেলা উপভোগ করার জন্য আয়োজকদের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।