
শুরুতে আত্মঘাতী গোলে পিছিয়ে পড়া, এরপর যেন জেগে উঠল আগ্নেয়গিরি। মালদ্বীপের জালে একে একে ১৪ বার বল জড়িয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ। মেয়েদের সাফ উইমেন’স ফুটসালের প্রথম আসরেই অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করল সাবিনা-কৃষ্ণারা।
রবিবার (২৫ জানুয়ারি) থাইল্যান্ডের ব্যাংককের ননথাবুরি হলে রাউন্ড রবিন লিগের শেষ ম্যাচে মালদ্বীপকে ১৪-২ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। ছয় ম্যাচে পাঁচ জয় ও এক ড্রয়ে ১৬ পয়েন্ট নিয়ে শিরোপা নিশ্চিত করে লাল-সবুজের প্রতিনিধিরা।
ফাইনালতুল্য এই ম্যাচে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন অধিনায়ক সাবিনা খাতুন। তিনি একাই করেছেন ৪ গোল। হ্যাটট্রিক করেছেন লিপি আক্তারও, তার পা থেকে এসেছে ৩ গোল। এছাড়া কৃষ্ণা রানী সরকার ২টি এবং নোশিন জাহান, মাতসুশিমা সুমাইয়া, নিলুফা ইয়াসমিন নীলা, মেহেনুর আক্তার ও মাসুরা পারভীন একটি করে গোল করেন।
ম্যাচের শুরুটা অবশ্য বাংলাদেশের জন্য ছিল খানিকটা ভয়ের। চতুর্থ মিনিটে মাসুরা পারভীনের আত্মঘাতী গোলে এগিয়ে যায় মালদ্বীপ। তবে এই গোলটিই যেন তাতিয়ে দেয় বাংলাদেশকে। এরপর পুরো ম্যাচে মালদ্বীপের রক্ষণভাগকে নিয়ে রীতিমতো ছেলেখেলায় মেতে ওঠেন সাবিনা-লিপিরা।
প্রথমার্ধেই ৬-১ গোলে এগিয়ে চালকের আসনে বসে বাংলাদেশ। বিরতি থেকে ফিরে আরও বিধ্বংসী রূপ ধারণ করে তারা। দ্বিতীয়ার্ধের তৃতীয় মিনিটে দূরপাল্লার শটে হ্যাটট্রিক পূরণ করেন সাবিনা। এরপর একে একে উৎসবে যোগ দেন সুমাইয়া, নীলা ও মেহেনুররা। শেষ বাঁশি বাজার আগ মুহূর্তে মালদ্বীপ আরও একটি গোল শোধ দিলেও তা কেবল ব্যবধানই কমিয়েছে।
পুরো টুর্নামেন্টজুড়েই দাপট দেখিয়েছে বাংলাদেশ। ভারতকে ৩-১ গোলে হারিয়ে যাত্রা শুরু করা দলটি দ্বিতীয় ম্যাচে ভুটানের সঙ্গে ৩-৩ গোলে ড্র করে। এরপর নেপালকে ৩-০, শ্রীলঙ্কাকে ৬-২ এবং পাকিস্তানকে ৯-১ গোলে উড়িয়ে দিয়ে শিরোপার মঞ্চ প্রস্তুত করে রেখেছিল তারা। রবিবার মালদ্বীপবধের মাধ্যমে সেই আনুষ্ঠানিকতা সম্পন্ন হলো।