
জনগণের ভাগ্য উন্নয়ন, গণতন্ত্র শক্তিশালী করা এবং জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রত্যাশা পূরণে ধানের শীষে ভোট চেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের প্রার্থী সালাহউদ্দিন আহমদ।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) চকরিয়া উপজেলার কৈয়ারবিল ও কাকারা ইউনিয়নে ষষ্ঠ দিনের মতো গণসংযোগ ও পথসভা করেন তিনি। প্রচারণাকালে কৈয়ারবিল ইউনিয়ন পরিষদের সদ্য অব্যাহতিপ্রাপ্ত আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান মক্কী ইকবাল হোসেন ফুলের তোড়া দিয়ে সালাহউদ্দিন আহমদকে স্বাগত জানান।
সকাল থেকে বিকেল পর্যন্ত চলা এই গণসংযোগে কৈয়ারবিল ইউনিয়নের আবাল-বৃদ্ধ-বনিতা সালাহউদ্দিন আহমদকে একনজর দেখতে রাস্তায় ভিড় করেন। তার আগমনে পুরো এলাকায় উৎসবের আমেজ সৃষ্টি হয়। স্থানীয় জনতা ফুলের মালা ও পাপড়ি ছিটিয়ে এবং হাত নেড়ে তাকে শুভেচ্ছা জানান। সালাহউদ্দিন আহমদও সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ধানের শীষে ভোট প্রার্থনা করেন।
প্রচারণার শুরুতে সকালে কৈয়ারবিল পৌঁছে তিনি ইউনিয়নের খিলছাদেক এলাকার একটি কাঠের ব্রিজ পরিদর্শন করেন। এরপর তিনি উপজেলা বিএনপির প্রয়াত সভাপতি শাহজাহান চৌধুরীর কবর জিয়ারত করেন।
পরে দুপুর ১২টায় কৈয়ারবিল ইউনিয়নের খিলছাদেক স্টেশনে এবং বিকেলে কাকারা ইউনিয়নের উত্তর কাকারা মডেল উচ্চ বিদ্যালয় মাঠে পৃথক পথসভায় বক্তব্য রাখেন সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে নির্বাচিত করলে দেশের মানুষ দেশের শক্তি ফিরে পাবে। বিএনপি এদেশের মানুষের রাজনৈতিক দল। দলটির সব পরিকল্পনা ও রাষ্ট্রভাবনা এদেশের মানুষকে কেন্দ্র করেই। বিএনপি ক্ষমতায় গেলে এমন এক গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ করবে, যা জুলাই শহীদদের প্রত্যাশা এবং জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে। তাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষকে বিজয়ী করার আহ্বান জানান তিনি।
পথসভা ও গণসংযোগে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক এম মোবারক আলী, বিএনপি নেতা সাইফুল ইসলাম ছাবু, সাংবাদিক ওমর আলী ও কৈয়ারবিল ইউনিয়ন বিএনপির সভাপতি জিল্লুর রহমানসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।