
বাংলাদেশ থেকে লুটপাটের রাজনীতি চিরতরে শেষ করে ইনসাফ বা ন্যায়বিচারের রাষ্ট্র প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করেছেন চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ও সাবেক হুইপ আলহাজ শাহজাহান চৌধুরী। তিনি বলেছেন, রাজনীতির নামে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে, কিন্তু মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি।
বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে সাতকানিয়া সদর ইউনিয়নের ছমদিয়া পুকুরপাড় বাজার এলাকায় ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের সমর্থনে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শাহজাহান চৌধুরী বলেন, “বাংলাদেশ নিয়ে অনেক রাজনীতি হয়েছে। বিরোধী দলের রাজনীতিবিদদের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দিয়ে বছরের পর বছর কারাগারে বন্দি রাখা হয়েছে। অনেককে গুলি করে ও ফাঁসি দিয়ে হত্যা করা হয়েছে। তবে ২০২৪ সালের ঐতিহাসিক ৩৬ জুলাই ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে এই জুলুম-নির্যাতনের অবসান ঘটেছে। খুনি হাসিনা ও তার দল দেশ ছেড়ে ভারতে পালিয়ে গেছে।”
এখন রাজনীতির চেয়ে দেশ গড়ার কাজে জাতিকে ঐক্যবদ্ধ করা বেশি প্রয়োজন উল্লেখ করে তিনি আরও বলেন, “আমি ১৯৯১ ও ২০০১ সালে সংসদ সদস্য নির্বাচিত হয়ে এলাকার শিক্ষা, যোগাযোগ ও সামাজিক অবকাঠামো উন্নয়নে সক্রিয়ভাবে অংশ নিয়েছি। কিন্তু দীর্ঘ ফ্যাসিস্ট শাসনামলে আমাকে এলাকায় আসতে দেওয়া হয়নি। নেতাকর্মী ও সাধারণ মানুষের ওপর নির্যাতন চালানো হয়েছে।”
আগামী নির্বাচনে ১১ দলীয় জোটের পক্ষে ভোট চেয়ে তিনি বলেন, “দেশের মানুষ জামায়াতে ইসলামীর প্রতীক দাঁড়িপাল্লাসহ জোটের প্রতীকে ভোট দিয়ে ন্যায়, ইনসাফ ও উন্নয়নভিত্তিক বাংলাদেশ গঠনে এগিয়ে আসবেন—এটাই আমার বিশ্বাস।”
দিনব্যাপী গণসংযোগকালে শাহজাহান চৌধুরী দক্ষিণ রূপকানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকা, মজিদিয়া মার্কেট, বারদোনা দোভাষীপাড়া, দুর্লভের পাড়া, টঙ্কাবতী সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকা, সাংগঠিকা, ছিববাড়ি, গরিবেরঝিল জামে মসজিদ, ছমদিয়া বাজার, ধইল্যার দোকান, ঠাকুরদীঘি বাজার, ছোট বারদোনা এবং বারদোনা ৬ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন। পথসভাগুলোতে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি দেখা যায়।
পথসভা ও গণসংযোগে শাহজাহান চৌধুরীর সঙ্গে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমির আনোয়ারুল আলম চৌধুরী, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মুহাম্মদ ইসহাক, সাতকানিয়া সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা মাহমুদুল হক ও বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ বেলাল উদ্দিন।
এছাড়া আরও উপস্থিত ছিলেন সাতকানিয়া সদর ইউনিয়ন জামায়াতের নায়েবে আমীর হাফেজ মাওলানা রিদওয়ানুল করিম, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ সোলাইমান কাদের, চট্টগ্রাম মহসিন কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস মুহাম্মদ মুজিবুর রহমান, তামাকুন্ডি লেইন বণিক সমিতির প্রচার সম্পাদক মোহাম্মদ সাদেক হোসাইন, চট্টগ্রাম দক্ষিণ জেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি আসিফুল্লাহ মোহাম্মদ আরমান, করইয়ানগর ১ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি হারুন রশিদ এবং ইউপি সদস্য মুহাম্মদ আব্দুল মান্নান, মাহফুজুর রহমান ও আব্দুস সবুর প্রমুখ।