
কক্সবাজারের চকরিয়ায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ করতে অবৈধ অস্ত্র উদ্ধার এবং দাগি সন্ত্রাসীদের গ্রেফতারে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন দেলোয়ার।
বুধবার (২৮ জানুয়ারি) সকালে উপজেলা পরিষদ মিলনায়তন ‘মোহনা’য় অনুষ্ঠিত মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ইউএনও শাহীন দেলোয়ার বলেন, “আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসন সব ধরনের প্রস্তুতি নিচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অবৈধ অস্ত্র উদ্ধার ও দাগি অপরাধীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রাখবে।” এ সময় তিনি সবাইকে স্ব-স্ব অবস্থান থেকে দায়িত্ব পালনের আহ্বান জানান।
সভায় বক্তারা আশঙ্কা প্রকাশ করে বলেন, নির্বাচনের আগে অবৈধ অস্ত্র উদ্ধার ও চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তার করা না হলে ভোটকেন্দ্রে পেশিশক্তির ব্যবহার বাড়তে পারে এবং অরাজকতা সৃষ্টি হতে পারে। তাই সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেন তারা। এছাড়া সভায় উপস্থিত সকলে রাষ্ট্র সংস্কারে ‘হ্যাঁ’ ভোটের জন্য এলাকাভিত্তিক ভোটারদের মাঝে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।
আইনশৃঙ্খলা কমিটির এই সভায় বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রূপায়ন দেব, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জয়নুল আবেদীন, চকরিয়া থানার ওসি (তদন্ত) মোহাম্মদ নুরআলম ছিদ্দিকী, বরইতলী ইউপি চেয়ারম্যান মো. ছালেকুজ্জামান ও খুটাখালী ইউপি চেয়ারম্যান মাওলানা আবদুর রহমান।
এছাড়া উপস্থিত ছিলেন বিএমচর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. ইসমাইল মানিক, পূর্ব ভেওলা ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হারুণ-অর রশিদ, কাকারা ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান শফিকুর রহমান, উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. আরিফুল আমিন, কৃষি কর্মকর্তা শাহনাজ ফেরদৌসী, প্রাণিসম্পদ কর্মকর্তা আরিফ উদ্দিন ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নজরুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।