
বঙ্গোপসাগরে যৌথ সামরিক মহড়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে ভারত ও রাশিয়া। আগামী ফেব্রুয়ারি মাসে ‘মিলান ২০২৬ নেভাল এক্সারসাইজ’ নামে এই দ্বিপাক্ষিক মহড়া অনুষ্ঠিত হবে। এতে অংশ নিতে রাশিয়ার প্যাসিফিক ফ্লিটের শক্তিশালী ফ্রিগেট ‘মার্শাল শাপোশনিকভ’সহ বিভিন্ন যুদ্ধজাহাজ ইতিমধ্যে রওনা হয়েছে।
রুশ নৌবাহিনীর অধিভুক্ত সংস্থা রাশিয়ান মেরিটাইম বোর্ডের বরাত দিয়ে দেশটির সংবাদসংস্থা তাস জানিয়েছে, বুধবার ওমানের মাস্কাট বন্দর অতিক্রম করেছে রুশ যুদ্ধজাহাজ শাপোশনিকভ। বঙ্গোপসাগরে মহড়া শেষে এটি ভারতের বিশাখাপত্তনমে নোঙর করবে। আগামী ১৮ থেকে ২৫ ফেব্রুয়ারির মধ্যে জাহাজটি সেখানে পৌঁছানোর কথা রয়েছে।
সামরিক বিশ্লেষকদের মতে, মার্শাল শাপোশনিকভ রাশিয়ার নৌবহরের অত্যন্ত সমৃদ্ধ ও শক্তিশালী এক রণতরী। এটি সাগরবক্ষ থেকে একই সঙ্গে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র এবং সাবমেরিন বিধ্বংসী গাইডেড ক্ষেপণাস্ত্র নিক্ষেপে সক্ষম। সাধারণত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সামরিক টহলের কাজে রাশিয়া এই যুদ্ধজাহাজটি ব্যবহার করে।
এর আগে ২০২৫ সালের অক্টোবরে ভারতীয় নৌবাহিনীর ভাইস চিফ অ্যাডমিরাল সঞ্জয় বাৎসায়ন এই মহড়ার ঘোষণা দিয়েছিলেন। তিন মাস আগের সেই ঘোষণার ধারাবাহিকতায় এবার বঙ্গোপসাগরে শক্তিশালী এই নৌশক্তি প্রদর্শনী হতে যাচ্ছে।