
চট্টগ্রামের লোহাগাড়ায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ভোটকেন্দ্রে স্থাপিত সিসিটিভি ক্যামেরা ও সরঞ্জাম চুরির ঘটনা ঘটেছে। গত বুধবার দিবাগত রাতে উপজেলার সদর ইউনিয়নের জমিদার পাড়া এলাকার তৈয়ব আশরাফ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে বিদ্যালয়ে গিয়ে চুরির বিষয়টি নিশ্চিত করেন প্রধান শিক্ষক সুবোধ কান্তি সিকদার।
তিনি জানান, সকালে বিদ্যালয়ে এসে তিনি অফিসের তালা ভাঙা দেখতে পান। পরে ভেতরে গিয়ে দেখেন, নির্বাচনের নিরাপত্তার জন্য গত ১৫ জানুয়ারি স্থাপিত ৪টি সিসি ক্যামেরা, ১টি রাউটার ও ১টি মনিটর চুরি হয়ে গেছে। চোরেরা বিদ্যালয়ের ৬টি তালা ভেঙে এসব সরঞ্জাম নিয়ে যায়। বিষয়টি তাৎক্ষণিকভাবে থানা পুলিশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করা হয়েছে।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রশান্ত কুমার ভৌমিক। তিনি বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় একটি মামলা রুজু করা হয়েছে এবং জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এ বিষয়ে লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, “বিষয়টি আমরা জেনেছি। ভোটকেন্দ্রের নিরাপত্তার স্বার্থে দ্রুত সময়ের মধ্যে পুনরায় সেখানে সিসি ক্যামেরা স্থাপন করা হবে।”
এদিকে স্থানীয়রা জানান, তৈয়ব আশরাফ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রটি বরাবরই ‘ঝুঁকিপূর্ণ কেন্দ্র’ হিসেবে চিহ্নিত। নির্বাচনের আগে এভাবে নিরাপত্তা সরঞ্জাম চুরির ঘটনা কেন্দ্রের সার্বিক নিরাপত্তা নিয়ে শঙ্কা তৈরি করেছে। তারা এ বিষয়ে প্রশাসনের কঠোর নজরদারি দাবি করেন।