সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

রাজপথে নেতাকর্মীদের ঢল, ফটিকছড়িবাসীর ‘সেবক’ হতে চাইলেন নুরুল আমিন

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ২৯ জানুয়ারী ২০২৬ | ৮:০৩ অপরাহ্ন


চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে ১১ দলীয় জোট সমর্থিত ও জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিনের সমর্থনে বিশাল গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এক সমাবেশের মাধ্যমে শেষ হয়।

গণমিছিলে জামায়াতে ইসলামী ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ মানুষ অংশ নেন। এ সময় পুরো এলাকা ‘ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ চাই’, ‘ফটিকছড়ির উন্নয়নে সৎ নেতৃত্ব চাই’—এমন নানা স্লোগানে মুখরিত হয়ে ওঠে।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন বলেন, “আমি ক্ষমতার জন্য নয়, জনগণের অধিকার ও ন্যায়ের শাসন প্রতিষ্ঠার জন্য রাজনীতি করি। আল্লাহ যদি আমাকে আপনাদের সেবা করার সুযোগ দেন, তবে এই জনপদকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত ফটিকছড়ি হিসেবে গড়ে তুলব।”

ফটিকছড়িবাসীর মৌলিক অধিকার নিশ্চিত করার অঙ্গীকার করে তিনি বলেন, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও নিরাপত্তা নিশ্চিত করাই তার প্রধান লক্ষ্য। তিনি অভিযোগ করে বলেন, “দীর্ঘদিন ধরে ফটিকছড়ির মানুষ অবহেলিত। উন্নয়নের নামে লুটপাট হয়েছে এবং সাধারণ মানুষের কণ্ঠস্বর উপেক্ষিত থেকেছে। জামায়াতে ইসলামী ক্ষমতায় নয়, বরং সেবায় বিশ্বাস করে। জনগণের আমানত রক্ষা করাই আমাদের রাজনীতির মূলনীতি।”

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আবদুল জব্বার এবং ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক মুহাম্মদ ইব্রাহিম। এছাড়া ১১ দলীয় জোটের শরিক দল ও স্থানীয় জামায়াত নেতৃবৃন্দও এতে বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, মুহাম্মদ নুরুল আমিন একজন সৎ, যোগ্য ও জনবান্ধব নেতা। তার নেতৃত্বে ফটিকছড়িতে ন্যায়ভিত্তিক সমাজব্যবস্থা ও টেকসই উন্নয়ন বাস্তবায়ন সম্ভব হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।