
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচারণায় অংশ নিতে আগামী ২ ফেব্রুয়ারি (সোমবার) চট্টগ্রামের লোহাগাড়ায় আসছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ওইদিন উপজেলার পদুয়া হাই স্কুল মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে তিনি বক্তব্য রাখবেন।
জনসভাকে ঘিরে ওই এলাকায় সর্ববৃহৎ গণজমায়েত নিশ্চিত করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে দলটি। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে লোহাগাড়ায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব তথ্য জানান সাতকানিয়া-লোহাগাড়া আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী শাহজাহান চৌধুরী।
শাহজাহান চৌধুরী বলেন, “আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানের এই জনসভা হবে ঐতিহাসিক। ইনসাফভিত্তিক, মানবিক ও কল্যাণমুখী বাংলাদেশ গঠনের আহ্বান জানাতে এই জনসভা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
তিনি আরও জানান, জনসভা সফল করতে দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা ইতিমধ্যে মাঠপর্যায়ে কাজ শুরু করেছেন। পোস্টার ও লিফলেট বিতরণ এবং গণসংযোগসহ নানামুখী কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করার চেষ্টা চলছে। পদুয়া হাই স্কুল মাঠের এই জনসভায় লোহাগাড়া ও সাতকানিয়া ছাড়াও আশপাশের বিভিন্ন এলাকা থেকে বিপুলসংখ্যক মানুষ অংশ নেবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
দলীয় সূত্রে জানা গেছে, জনসভা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা রক্ষা ও স্বেচ্ছাসেবক ব্যবস্থাপনাসহ সার্বিক প্রস্তুতিও নেওয়া হচ্ছে।
মতবিনিময় সভায় শাহজাহান চৌধুরী ছাড়াও উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমির ও নির্বাচন পরিচালক আনোয়ারুল আলম চৌধুরী, কর্মপরিষদ সদস্য ড. মাওলানা ছাবের আহমদ, দক্ষিণ জেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি অ্যাডভোকেট আবু নাছের, লোহাগাড়া উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক নুরুল আফসার, শ্রমিক কল্যাণ ফেডারেশন লোহাগাড়া শাখার সহ-সভাপতি রফিক দিদার, বিশিষ্ট ব্যবসায়ী ফজল আহমদ হারুন ও ডা. আকতার আহমদ প্রমুখ।