সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

আধুনিক ফটিকছড়ি গড়তে গণভোটে ‘হ্যাঁ’ চাইলেন জামায়াত প্রার্থী

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ৩০ জানুয়ারী ২০২৬ | ৩:০০ অপরাহ্ন


আধুনিক, ন্যায়ভিত্তিক ও জনকল্যাণমুখী ফটিকছড়ি গড়ার প্রত্যয় ব্যক্ত করে আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী নুরুল আমিন। একইসঙ্গে তিনি সংসদ নির্বাচনে তার দলীয় প্রতীক ‘দাঁড়িপাল্লা’য় ভোট চেয়েছেন।

শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে ফটিকছড়ি উপজেলার রোসাংগিরী ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, বাজার ও জনসমাগমস্থলে গণসংযোগকালে তিনি এ আহ্বান জানান।

প্রচারণাকালে নুরুল আমিন সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের অভাব-অভিযোগ মনোযোগ দিয়ে শোনেন। তিনি ভোটারদের উদ্দেশে বলেন, “আসুন, সবাই মিলে আধুনিক ফটিকছড়ি গড়ার শপথ নিই। ন্যায়, সততা ও জনসেবার প্রতীক দাঁড়িপাল্লায় ভোট দিন এবং গণভোটে ‘হ্যাঁ’ বলুন।”

তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেন, নির্বাচিত হলে ফটিকছড়ির শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ, যোগাযোগ অবকাঠামোর আধুনিকায়ন এবং বেকারত্ব দূরীকরণে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে কার্যকর ও টেকসই পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। দুর্নীতিমুক্ত প্রশাসন ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠাই তার রাজনীতির মূল অঙ্গীকার বলে জানান তিনি।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা ইউছুপ বিন সিরাজ, যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি নবীর হোসেন মাসুদ, সেক্রেটারি বায়েজিদ হাসান মুরাদ, রোসাংগিরী ইউনিয়ন জামায়াতের সভাপতি সারোয়ার কামাল, সেক্রেটারি সাহেদুল আলম চৌধুরী এবং সমিতিরহাট ইউনিয়ন জামায়াতের সভাপতি অধ্যাপক মোহাম্মদ সেলিম উদ্দিনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

গণসংযোগে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। ভোটাররা জানান, ফটিকছড়ির দীর্ঘদিনের সমস্যা সমাধানে তারা এবার সৎ ও দক্ষ নেতৃত্ব প্রত্যাশা করছেন।