সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

একাত্তরের নির্যাতনকারীরাই নতুন রূপে নির্বাচনে: সালাহউদ্দিন

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি | প্রকাশিতঃ ৩০ জানুয়ারী ২০২৬ | ৩:০৪ অপরাহ্ন


বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ আসনের প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেছেন, “একাত্তরে যারা সনাতন ধর্মাবলম্বীদের ওপর নির্যাতন চালিয়েছিল, তারাই আজ নবরূপে ফিরে এসে নির্বাচনে দাঁড়িয়েছে।” তিনি দেশবাসীর কাছে প্রশ্ন রাখেন, তাদের হাতে এ দেশের নাগরিকরা আদৌ নিরাপদ কি না।

শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে নিজের নির্বাচনী এলাকা কক্সবাজারের পেকুয়া সদরের বিশ্বাস পাড়ায় হিন্দু-বৌদ্ধ সম্প্রদায়ের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, “মহান স্বাধীনতা যুদ্ধে একটি ধর্মভিত্তিক দলের হাতে এ দেশের সনাতন ধর্মাবলম্বী ভাইবোনদের সবচেয়ে বেশি নির্যাতিত হতে হয়েছিল এবং ত্যাগ স্বীকার করতে হয়েছিল। এটা তাদের পূর্বপুরুষরা ভালো করেই জানেন। যারাই স্বাধীনতায় বিশ্বাস করেনি বা স্বাধীনতা চায়নি, তারাই তখন সনাতনী ভাইবোনদের ওপর এমন নির্যাতন চালিয়েছিল।”

বিএনপির শাসনামলে সব ধর্মের মানুষ নিরাপদ ছিল দাবি করে সাবেক এই প্রতিমন্ত্রী বলেন, “আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এ দেশের সব ধর্মের মানুষের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করেছিলেন। তিনি জাতি, ধর্ম বা বর্ণ নির্বিশেষে এই ভূখণ্ডে বসবাসকারী সবাইকে ‘বাংলাদেশি’ হিসেবে পরিচয় দিয়েছিলেন। আমরাও কোনো ধরনের জাতিগত বা ধর্মীয় বিভক্তি চাই না। আমরা সবাই মিলে বাংলাদেশি হিসেবেই বসবাস করতে চাই।”

পেকুয়া উপজেলা বিশ্বাস পাড়া পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক চন্দময় বিশ্বাস তিলকের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন পেকুয়া উপজেলা বিএনপির সভাপতি বাহাদুর শাহ, উপজেলা যুবদলের আহ্বায়ক কামরান জাদীদ মুকুট, বিশ্বাস পাড়া কেন্দ্রীয় দুর্গা মন্দিরের সভাপতি শিমুল বিশ্বাস, উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক রমেশ বিশ্বাস, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি সুমন বিশ্বাস, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অংতোয়াইচিং রাখাইন, বারবাকিয়া লোকনাথ মন্দিরের পরিচালনা কমিটির সভাপতি রিপন কান্তি নাথ, বারবাকিয়া সার্বজনীন দুর্গা মন্দিরের সভাপতি পরিতোষ নাথ ও শীলখালী বিষ্ণু মন্দিরের সভাপতি মাস্টার অনিল কান্তি শীল প্রমুখ।