সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

ষড়যন্ত্রের জবাব ব্যালটেই দেবে জনগণ: ফটিকছড়িতে বিএনপি প্রার্থী

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ৩০ জানুয়ারী ২০২৬ | ৫:২১ অপরাহ্ন


চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব সরোয়ার আলমগীর অভিযোগ করেছেন, একটি বিশেষ মহল নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে এবং ধর্মের দোহাই দিয়ে সাধারণ ভোটারদের বিভ্রান্ত করার চেষ্টা চালাচ্ছে। তিনি বলেন, “নারীদের ঘরে ঘরে গিয়ে ‘বেহেশতের টিকিট’র নামে ধোঁকা দেওয়া হচ্ছে। এ নিয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।”

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ফটিকছড়ি উপজেলায় ওলামা দল ও মহিলা দলের পৃথক দুটি নির্বাচনী সভায় তিনি এসব কথা বলেন।

সরোয়ার আলমগীর বলেন, “ইসলামের নাম ব্যবহার করে একটি দল ভোটারদের মাঝে বিভ্রান্তি ছড়াচ্ছে। ওলামা দলের নেতৃবৃন্দকে জনগণের কাছে সঠিক তথ্য তুলে ধরতে হবে। আগামী ১২ ফেব্রুয়ারি জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের প্রতীক ধানের শীষে ভোট দিয়ে ফটিকছড়িবাসী এসব ষড়যন্ত্রের জবাব দেবে।”

ওলামা দলের সঙ্গে মতবিনিময়

বৃহস্পতিবার রাতে উপজেলা বিএনপি কার্যালয়ে ওলামা দলের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মো. সালাহউদ্দীনের সভাপতিত্বে এবং জেলা সিনিয়র সহ-সভাপতি ডা. মাওলানা রফিক উল্লাহ হামিদীর সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সরোয়ার আলমগীর।

এতে প্রধান বক্তা ছিলেন জেলা ওলামা দলের সদস্য সচিব হাফেজ মাওলানা জয়নাল আবেদীন। বিশেষ অতিথি ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব আহমেদ হোসেন তালুকদার, উপজেলা ওলামা দলের সভাপতি মুফতি মো. ইউসুফ, হাফেজ মাওলানা আইয়ুব, মাওলানা মো. লোকমান, মাওলানা মো. সালামত উল্লাহ প্রমুখ।

মহিলা দলের সভা

এর আগে দুপুরে ফটিকছড়ি সদরের একটি কমিউনিটি সেন্টারে উপজেলা মহিলা দলের উদ্যোগে নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মহিলা দলের সভাপতি তসলিমা আকতারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সরোয়ার আলমগীর।

নারীদের উদ্দেশে তিনি বলেন, “বিএনপি ক্ষমতায় গেলে নারীদের উন্নয়নে বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, নিরাপত্তা এবং সম্মান নিশ্চিত করা হবে।”

যুবদল নেতা বেলাল বিন নুর ও আহসানুল করিম রাজনের যৌথ সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন মনসুর আলম চৌধুরী, জাহাঙ্গীর আলম চৌধুরী, দিদারুল আলম, সুজা উদ্দিন চৌধুরী, হান্নান চৌধুরী, রশিদ আহমেদ চৌধুরী, তাবাচ্ছুম নওরিন, মোসাম্মৎ সাইমা, শামীম আলমগীর রুবেল, এমদাদ হোসেন, ইকবাল হোসেন, মো. খোরশেদ ও মো. মামুন প্রমুখ।

পরে প্রার্থী উপজেলা সদরের বিবিরহাট বাজারে ব্যাপক গণসংযোগ করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে সবার কাছে দোয়া কামনা করেন।