সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

বোয়ালখালীতে ঘর থেকে মিলল দুই সন্তানের বাবার ঝুলন্ত লাশ

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ৩০ জানুয়ারী ২০২৬ | ১০:১০ অপরাহ্ন


চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার খরণদ্বীপ ইউনিয়নে মো. জমির উদ্দিন (২৮) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুরের দিকে উপজেলার খরণদ্বীপ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের শুক্কুর সওদাগরের বাড়ির নিজ ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত জমির উদ্দিন ওই এলাকার জহির আহমদের ছেলে। তিনি এক ছেলে ও এক মেয়ে সন্তানের জনক।

স্থানীয় সূত্রে জানা গেছে, জমির উদ্দিন বেশ কিছুদিন ধরে মানসিক চাপে ভুগছিলেন। ধারণা করা হচ্ছে, এই মানসিক অবসাদ থেকেই শুক্রবার দুপুরের কোনো এক সময়ে নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বসতঘর থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ওসি আরও জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।