সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

‘ক্ষমতার জন্য নয়, অধিকার প্রতিষ্ঠায় রাজনীতি করছি’—ফটিকছড়িতে জামায়াত প্রার্থী

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ৩১ জানুয়ারী ২০২৬ | ২:০৩ অপরাহ্ন


চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মুহাম্মদ নুরুল আমিন বলেছেন, ফটিকছড়ির মানুষ এখন পরিবর্তন চায়। নির্বাচিত হলে তিনি সমিতিরহাট ইউনিয়নে একটি ডিগ্রি কলেজ ও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করবেন। পাশাপাশি কমিউনিটি ক্লিনিকের সেবার মানোন্নয়ন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পরিত্যক্ত ভবন সংস্কারে কার্যকর উদ্যোগ নেবেন।

শুক্রবার (৩০ জানুয়ারি) রাতে ফটিকছড়ি উপজেলার সমিতিরহাট ইউনিয়নের আনন্দ বাজার এলাকায় আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব প্রতিশ্রুতি দেন।

সমিতিরহাট ইউনিয়ন জামায়াতে ইসলামীর তত্ত্বাবধানে আয়োজিত এই জনসভায় মানুষের ঢল নামে। জনসভা প্রাঙ্গণ কানায় কানায় পূর্ণ হয়ে যাওয়ায় তা একপর্যায়ে জনসমুদ্রে রূপ নেয়।

মুহাম্মদ নুরুল আমিন তার বক্তব্যে বলেন, আমি ক্ষমতার জন্য নয়, মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য রাজনীতি করছি। ইনসাফভিত্তিক, ন্যায়নিষ্ঠ ও মানবিক রাজনীতির পক্ষে আমার অবস্থান সুদৃঢ়। ফটিকছড়িকে একটি আধুনিক ও মানবিক জনপদে রূপান্তর করাই আমার মূল অঙ্গীকার। আপনাদের ভালোবাসা ও সমর্থনই আমার সবচেয়ে বড় শক্তি।

জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক আব্দুল মালেক। বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে বঞ্চিত জনগণ এখন ন্যায়বিচার, সুশাসন ও দুর্নীতিমুক্ত নেতৃত্ব প্রত্যাশা করছে। মুহাম্মদ নুরুল আমিন সেই প্রত্যাশার প্রতীক হয়ে উঠেছেন। তার সততা, শিক্ষাবান্ধব দৃষ্টিভঙ্গি ও জনকল্যাণমুখী রাজনীতি ফটিকছড়ির মানুষের আস্থা অর্জন করেছে।

জনসভায় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর ছাত্রশিবিরের নেতা খুররম মুরাদ, উত্তর জেলা ছাত্রশিবিরের সভাপতি শওকত আলী, ফটিকছড়ি উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা ইউছুপ বিন সিরাজ এবং উপজেলা শিল্প ও বাণিজ্য বিভাগের সভাপতি আবদুর রহিমসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের জামায়াত ও ছাত্রশিবিরের নেতৃবৃন্দ। স্থানীয়রা বলছেন, আনন্দ বাজারের এই জনস্রোত প্রমাণ করে যে গণমানুষের কাফেলা দৃঢ় প্রত্যয়ে এগিয়ে চলছে।