সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

রাউজানে ইসলামী ফ্রন্টের প্রার্থীর প্রচারে হামলা, থানায় অভিযোগ

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ৩১ জানুয়ারী ২০২৬ | ১০:৫০ অপরাহ্ন


চট্টগ্রামের রাউজানে নির্বাচনী প্রচার চালাতে গিয়ে বাধার মুখে পড়েছেন ইসলামী ফ্রন্টের মনোনীত সংসদ সদস্য প্রার্থী (মোমবাতি প্রতীক) অধ্যক্ষ আল্লামা ইলিয়াছ নুরী। তার সমর্থকদের মারধর ও প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে।

শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে উপজেলার বিনাজুরী ইউনিয়নের কাগতিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় রাতে রাউজান থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী প্রার্থী।

অভিযোগ সূত্রে জানা যায়, শনিবার সারাদিন বিনাজুরী ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন ইলিয়াছ নুরী। বিকেলের দিকে কাগতিয়া বাজারে প্রচারণা শুরু করলে একদল লোক হঠাৎ তাদের বাধা দেয়। এ সময় প্রার্থীর সমর্থকদের সঙ্গে ধাক্কাধাক্কি ও মারধরের ঘটনা ঘটে। পরিস্থিতির অবনতি দেখে প্রচারণা বন্ধ করে স্থান ত্যাগ করেন ইলিয়াছ নুরী।

অধ্যক্ষ আল্লামা ইলিয়াছ নুরী বলেন, “আমরা সারাদিন শান্তিপূর্ণভাবে বিনাজুরী ইউনিয়নে মোমবাতি মার্কায় ভোট চেয়েছি। কিন্তু কাগতিয়া বাজারে প্রচারণা শুরু করতেই কিছু লোক অতর্কিত হামলা ও ধাক্কাধাক্কি শুরু করে। আমার কর্মীদের মারধরও করা হয়।”

এ ঘটনায় রাতে রাউজান থানায় বাদী হয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন ইলিয়াছ নুরী। অভিযোগপত্রে মো. ফারুক, শহীদ ও মোজাম্মেলসহ অজ্ঞাতনামা আরও ১০ জনকে অভিযুক্ত করা হয়েছে।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম বলেন, “খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তবে পুলিশ যাওয়ার আগেই অভিযুক্তরা পালিয়ে যায়। এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”