সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

চকরিয়ায় মুরগির খামারে পড়ে ছিল কিশোরের মরদেহ, বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যুর ধারণা

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি | প্রকাশিতঃ ১ ফেব্রুয়ারী ২০২৬ | ৯:৫৪ অপরাহ্ন


কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নে একটি মুরগির খামারে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মিজানুর রহমান (১৭) নামের এক কিশোর কর্মচারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার উত্তর হারবাং ভাইনাকাটা পাহাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মিজানুর রহমান পার্শ্ববর্তী পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের জারুলবনিয়া ভেটভেটি এলাকার বেলাল উদ্দিনের ছেলে। জীবিকার তাগিদে তিনি ওই পাহাড়ি এলাকার খামারে কাজ করতেন।

স্থানীয় এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান, কিশোর মিজান দীর্ঘদিন ধরে উত্তর হারবাং ভাইনাকাটা এলাকায় ওই মুরগির খামারে চাকরি করছিলেন। শনিবার রাত সাড়ে ১০টার দিকে খামার মালিক খামারের ভেতর ওই কিশোরকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন এবং বিষয়টি স্থানীয় লোকজনকে জানান। পরে স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করেন।

স্থানীয়দের ধারণা, রাতে খামারে কাজ করার সময় অসাবধানতাবশত বৈদ্যুতিক তারে জড়িয়ে যান কিশোর মিজান। ওই সময় খামারে আর কেউ না থাকায় তাকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করা সম্ভব হয়নি, যার ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ বিষয়ে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন নিশ্চিত করে বলেন, মুরগির খামারে কিশোরের মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা রুজু করা হয়েছে।